খেলা

পুদুচেরির কাছে লজ্জাজনক হার, কোয়ার্টারের স্বপ্ন ভাঙল বাংলার!

অভিষেক পোড়েল ১১ রান করে আউট হওয়ার পর ধস শুরু হয়।

Truth Of Bengal: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় ধাক্কা খেল বাংলা। শনিবার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে  পুদুচেরির কাছে ৮১ রানের বিশাল ব্যবধানে হারল অভিমন্যু ঈশ্বরণরা। এই হারের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পথ কার্যত বন্ধ হয়ে গেল বাংলার।টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। শুরুতে ৩৪ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দিলেও পুদুচেরির ইনিংস সামলায় যশবন্ত শ্রীরাম ও অধিনায়ক আমন খান।

দু’জন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ৬৮ রান। শ্রীরামের ৪০ এবং আমনের ৪০ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ১৭৭ রান তোলে পুডুচেরি। বাংলার হয়ে মহম্মদ শামি ৩৪ রানে ৩ উইকেট এবং ঋত্বিক চট্টোপাধ্যায় ২টি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি হলেও দ্রুত বিপর্যয় নেমে আসে। অভিষেক পোড়েল ১১ রান করে আউট হওয়ার পর ধস শুরু হয়। একমাত্র কর্ণ লাল ২৩ বলে ৪০ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা দাঁড়াতেই পারলেন না। আট ব্যাটার ফেরেন সিঙ্গল ডিজিটে। ১৩.৫ ওভারেই মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। পুডুচেরির জয়ন্ত যাদব ২৮ রানে ৪ উইকেট এবং সিদাক সিং ৯ রানে ৩ উইকেট নেন।প্রচণ্ড ব্যর্থতার পরে বাংলার নকআউটে ওঠার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। শেষ ম্যাচে হরিয়ানাকে হারালেও নেট রান রেটের বিচারে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো অত্যন্ত কঠিন হয়ে পড়বে।