RCB Tragedy: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় দায় চাপল আরসিবির উপর, সরকারি রিপোর্টে টানা হল কোহলির নাম
এই ঘটনায় সম্পূর্ণ দায় আরসিবি ফ্র্যাঞ্চাইজির উপরই চাপাল কর্নাটক সরকার।
Truth of Bengal: আইপিএলে জয়ের উচ্ছ্বাস ছিল সীমাহীন, কিন্তু হুড়োহুড়িতে আর পছন্দের তারকাদের এক ঝলক দেখার তাগিদে সেই আনন্দ মুহূর্তেই মিলে যায় বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উৎসবকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় সম্পূর্ণ দায় আরসিবি ফ্র্যাঞ্চাইজির উপরই চাপাল কর্নাটক সরকার। এমনকি পরোক্ষে টেনে আনা হয়েছে বিরাট কোহলির নামও। কর্নাটক হাইকোর্টে এই পদপিষ্টের ঘটনার রিপোর্ট পেশ করেছে সিদ্দারামাইয়ার সরকার। শুরুতে ওই রিপোর্ট প্রকাশ্যে না আনার কথা বলা হলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই রিপোর্ট গোপন রাখার কোনও আইনসঙ্গত ভিত্তি নেই। এরপরই জনসমক্ষে আসে তদন্তের বিস্ফোরক তথ্য (RCB Tragedy)।
আরও পড়ুনঃ Farakka: ফরাক্কার নিশিন্দ্রা কাটানে জলের তোড়ে বিপদ, অল্পের জন্য বাঁচল ছাত্র
সরকারি রিপোর্টে বলা হয়েছে,পুলিশ বা প্রশাসনের অনুমতি ছাড়াই আরসিবি নিজে থেকে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়।অনুষ্ঠান সম্পর্কে পুলিশকে শেষ মুহূর্তে জানানো হলেও, কোনওরকম লিখিত অনুমতি চাওয়া হয়নি।আর সেইসময় আরসিবির তরফ থেকে একের পর এক পোস্ট করে চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে ছিল বিরাট কোহলির ভিডিও বার্তাও। রিপোর্ট অনুযায়ী, পুলিশ শুরু থেকেই সতর্কতা জারি করেছিল। তাদের দাবি ছিল, ৯ জুন অনুষ্ঠান করলে হয়তো ভিড় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। কিন্তু আরসিবি রাজি হয়নি, কারণ বিদেশি ক্রিকেটারদের দ্রুত দেশে পাঠাতে চেয়েছিল তারা (RCB Tragedy)।

পুলিশের তরফে অনুষ্ঠান বাতিলের অনুরোধ জানানো হলেও শেষমেশ চিন্নাস্বামীতে অনুমতি দেওয়া হয়। তবে রোড শো বাতিল করা হয়েছিল, যদিও আরসিবি তার কোনও ঘোষণা করেনি। বরং অনুষ্ঠানের মাত্র ঘণ্টা দুয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় ‘বিজয় শোভাযাত্রা’ হবে বলে পোস্ট করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো ঘটনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতা কার্যত অস্বীকার করেছে কর্নাটক সরকার। দায় চাপানো হয়েছে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির উপর। সরকারের দাবি, ভিড় নিয়ন্ত্রণে পুলিশের সময়ই ছিল না, কারণ আরসিবি অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন করে এবং পরে বিষয়টি কেবল জানিয়ে দেয়। ফলে বিনা অনুমতিতে বিশাল জনসমাগম, বিনামূল্যে টিকিট, রোড শো বাতিলের কথা গোপন রাখা, এবং জনপ্রিয় ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া প্রচার — সব মিলিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় (RCB Tragedy)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
আর তার ফলেই ১১ জন সমর্থকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার পর আরসিবি ম্যানেজমেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে। পাশাপাশি বিরাট কোহলির প্রচারমূলক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে এখনও পর্যন্ত কোহলি বা ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারি কোনও প্রতিক্রিয়া মেলেনি।এই রিপোর্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কীভাবে বড় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সম্ভব হয় (RCB Tragedy)?






