Farakka: ফরাক্কার নিশিন্দ্রা কাটানে জলের তোড়ে বিপদ, অল্পের জন্য বাঁচল ছাত্র
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির জেরে ফিডার ক্যানেলের জলস্তর বেড়েছে।
Truth of Bengal: ফরাক্কার নিশিন্দ্রা কাটান দিয়ে যাতায়াত করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল এক স্কুলপড়ুয়া। বুধবার সকালে জলের তীব্র স্রোতে সাইকেলসহ তলিয়ে যাচ্ছিল সে। যদিও স্থানীয়দের তৎপরতায় ছাত্রটিকে উদ্ধার করা গেলেও সাইকেলটি জলের তোড়ে ভেসে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির জেরে ফিডার ক্যানেলের জলস্তর বেড়েছে। সেই জল নিশিন্দ্রা কাটান এলাকার ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। এই নিশিন্দ্রা কাটানই ফরাক্কার পশ্চিম পাড়ের বেশ কিছু গ্রামের মানুষের অন্যতম যাতায়াতপথ। স্কুল, কলেজ এবং চিকিৎসার কাজে বহু মানুষ এই পথ ব্যবহার করেন (Farakka)।
ফরাক্কায় ফিডার ক্যানেলের জলে বিপত্তি, তলিয়ে যাচ্ছিল স্কুলপড়ুয়া pic.twitter.com/Nnu8IF08Vc
— TOB DIGITAL (@DigitalTob) July 17, 2025
আরও পড়ুনঃ Amarnath Yatra: অমরনাথ যাত্রাপথে ধস, মৃত ১ পুণ্যার্থী; আপাতত বন্ধ অমরনাথ যাত্রা
ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশের গুরুত্বপূর্ণ রুট এই কাটানের উপর দিয়েই প্রতিদিন পাথরবোঝাই লরি, সাইকেল আরোহী ও সাধারণ মানুষ চলাচল করেন। বুধবার সকালে নিশিন্দ্রা হাই স্কুলের একাধিক ছাত্রছাত্রী এই পথ ধরেই স্কুলে যাচ্ছিল। সেই সময়ই ঘটে বিপত্তি। একজন ছাত্র সাইকেল নিয়ে জলমগ্ন রাস্তায় ঢুকতেই প্রবল স্রোতে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন (Farakka)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। অনেকে বিকল্প পথ ধরে যাতায়াত করছেন। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত নিশিন্দ্রা কাটানে কোনও স্থায়ী ব্রিজ বা নিরাপদ যাতায়াতপথ তৈরি হয়নি। এলাকার এক অভিভাবক বলেন, “প্রতিদিন আমাদের ছেলেমেয়েরা এই ঝুঁকিপূর্ণ রাস্তায় যাতায়াত করে। আজ বড় বিপদ হতে পারত। দ্রুত কোনও পদক্ষেপ না নিলে এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটবে (Farakka)।”






