খেলা

জয়পুরে খেলবেন না যশস্বী-বৈভবেরা, আইপিএলে ঘর ছাড়ছেন রাজস্থান রয়্যালস

২০২৬ আইপিএলে যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশীদের ঘরের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা পুণে ও গুয়াহাটিতে।

Truth Of Bengal: আগামী আইপিএলে জয়পুরে খেলবে না রাজস্থান রয়্যালস। ২০০৮ সাল থেকে যে সওয়াই মান সিংহ স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ ছিল, ১৬ বছর পর সেই রাজ্য ছাড়ছে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দল। ২০২৬ আইপিএলে যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশীদের ঘরের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা পুণে ও গুয়াহাটিতে। সূত্রের খবর, রাজস্থান রয়্যালসের অধিকাংশ হোম ম্যাচ আয়োজন করতে পারে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) স্টেডিয়াম। পাশাপাশি, গত কয়েক বছরের মতো এ বারও অসমের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দু’টি ম্যাচ খেলতে পারে তারা। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) প্রশাসনিক অচলাবস্থাই মূলত এই সিদ্ধান্তের নেপথ্যে। গত দু’বছর ধরে আরসিএ-তে কোনও নির্বাচিত কমিটি নেই। রাজ্য সরকারের গঠিত অ্যাড হক কমিটির হাতেই পরিচালনার দায়িত্ব রয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন দীন দয়াল কুমাওয়াত। তবে এই ব্যবস্থার বিরোধিতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বারবার সতর্ক করার পরও নির্বাচন না হওয়ায়, আরসিএ-কে আইপিএলের ম্যাচ আয়োজনের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নিলামের দিনই আইপিএল চেয়ারম্যান অরুণ সিংহ ধুমল কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।

এ ছাড়াও, জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়াম নাকি নিরাপত্তাজনিত কিছু শর্ত—বিশেষ করে দর্শক সরানোর (ইভাকুয়েশন) মানদণ্ড—পূরণ করতে পারেনি। রাজস্থান রয়্যালস ও আরসিএ-র মধ্যে মতবিরোধের কথাও শোনা যাচ্ছে।পুণের এমসিএ স্টেডিয়ামের আইপিএল আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। অতীতে রাইজিং পুণে সুপার জায়ান্টসের ঘরের মাঠ ছিল এই স্টেডিয়াম। ২০২২ সালে কোভিড পরিস্থিতিতে এখানেই আইপিএলের একাধিক ম্যাচ হয়েছিল। এমনকি ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস এই মাঠকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে ট্রফিও জিতেছিল। সেই অভিজ্ঞতাই রাজস্থানকে পুণের দিকে ঝুঁকতে সাহায্য করছে বলে মনে করা হচ্ছে।এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও একসময় পুণেতে ঘরের মাঠ সরানোর কথা ভেবেছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে দলের প্রথম আইপিএল জয়ের উদ্‌যাপনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর বিতর্কে জড়িয়ে পড়ে সেই স্টেডিয়াম। তবে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ দায়িত্ব নেওয়ার পর চিন্নাস্বামীতে ম্যাচ ফেরানোর চেষ্টা চলছে।

খেলার দিক থেকে, সাম্প্রতিক মিনি নিলামে রাজস্থান রয়্যালস ভারতের স্পিনার রবি বিষ্ণোইকে ৭.২ কোটি টাকায় দলে নিয়েছে। এছাড়া ভিগনেশ পুথুর ও যশ রাজ পুনিয়াকে ৩০ লক্ষ টাকা করে কেনা হয়েছে। নিলামের আগে সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসে ট্রেড করে রাজস্থান পেয়েছে রবীন্দ্র জাডেজা ও স্যাম কারানকে। দলে রয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, বৈভব সূর্যবংশী-সহ একাধিক তরুণ ক্রিকেটার।সব মিলিয়ে, প্রশাসনিক টানাপড়েনের জেরে আগামী আইপিএলে ‘পিঙ্ক আর্মি’-র ঘরের মাঠের রং বদলাতে চলেছে। জয়পুরের বদলে পুণেতে গোলাপি জার্সির রাজস্থান রয়্যালস—এটাই হতে চলেছে আগামী মরসুমের বড় চমক।

 

Related Articles