বেতন নিয়ে সমস্যা, পদত্যাগ করলেন মহমেডান কোচ চের্নিশভ, যেতে পারেন ফিফাতেও
Mohammedan coach Chernyshov resigns over salary issues, may also go to FIFA
Truth Of Bengal: সমস্যা যেন কিছুতেই মিটছে না মহমেডানের। বুধবার সকালে আরও একটা দুঃখের খবর সাদা-কালো সমর্থকদের জন্য। চলতি মরশুমে দলের প্রধান কোচ আন্দ্রে চের্নিশভ দলের দায়িত্ব ছেড়ে পদত্যাগ করলেন। এমনকি সূত্র মারফত জানা গিয়েছে, রাশিয়ান কোচ তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সাদা-কালো কর্তাদের কাছে।
বিশেষ সূত্র মারফত যে টুকু জানা গিয়েছে, তা হল খেলোয়াড়দের পাশাপাশি মহমেডান কোচেরও বেতন বাকি ছিল। সেই কারণে যথেষ্ট হতাশ তিনিও। ফলে একটা সময় ধৈর্য হারিয়েই দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি। তবে এত সহজে নাকি মহমেডান কর্তাদের ছেড়ে দেবেন না চের্নিশভ। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে এই বিষয়ে অভিযোগও তিনি জানাতে পারেন বলে শোনা যাচ্ছে।
এদিকে চের্নিশভের পদত্যাগের আগের দিনই দলের নবাগত বিদেশি ফুটবলাররা কলকাতা পদাপর্ণ করলেন। ঠিক তাঁর কয়েক ঘণ্টা বাদেই কোচের পদত্যাগের খবরে সাদা-কালো সমর্থকরা যে বেশ হতাশ হয়ে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ১ ফেব্রুয়ারি মোহনবাগানের সঙ্গে আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মহমেডানের। তার আগেই কোচের পদত্যাগ সাদা-কালো কর্তা থেকে সমর্থক সকলেই কপালেই চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৪-২৫ আইএসএল-ই প্রথম অভিযান শুরু করেছে রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবটি। কিন্তু আইএসএল- খেলা চলাকালীনই নিজেদের আভ্যন্তরীণ সমস্যা দেখা দেয় মহমেডান ক্লাবে। পাশাপাশি চলতে থাকে স্পনসরকর্তাদের সঙ্গেও মনোমালিন্য। দলের খেলোয়াড়রা বেতন না পাওয়ার অভিযোগ তুলেছিলেন অনেকদিন আগেই। এমনকি অনুশীলন তাঁরা বন্ধ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ইস্তহাক আহমেদ রাজু গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন।
কিন্তু এর রেশ কাটতে না কাটতেই আবার দেখা দিল নতুন সমস্যা। এবার সেই তালিকায় যুক্ত হলেন দলের প্রধান কোচ। সূত্রের খবর, চের্নিশভ নাকি হোটেলও ত্যাগ করেছেন। তবে প্রধান কোচের পদত্যাগের পরই বুধবার বিকেলেই তাঁর সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন মহমেডানের অন্যতম স্পনসর বাঙ্কারহিলের কর্তা দীপক সিং। এখন দেখা যাক এই বৈঠকের পর চের্নিশভ কি সিদ্ধান্ত গ্রহণ করেন তা সময়ই বলবে।






