ওড়িশার বিপক্ষেও ভাল খেলার আশা জিইয়ে রাখলেন চের্নিশভ
Chernyshov kept the hope of playing well against Odisha
Truth Of Bengal: শুক্রবার আইএসএলের হোম ম্যাচে আবার মাঠে নামবে মহামেডান। প্রতিপক্ষ লোবেরার ওড়িশা এফসি। যারা এই মুহূর্তে মহামেডান ম্যাচের আগে পয়েন্ট টেবিলে রয়েছে পাঁচ নম্বর স্থানে। আর মহমেডান রয়েছে সবার শেষে। সেই ম্যাচের একদিন আগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মহামেডান কোচ চের্নিশভ আগের ম্যাচগুলির মত একই কথা শোনালেন।
তিনি বলেন, মহামেডান আইএসএলের মঞ্চে এবারই প্রথম খেললেও, সেইভাবে নজর কাড়তে পারেনি। প্রায় নজিরবিহীনভাবে হেরে চলেছে দল। সমালোচনার ঝড় উঠলেও তাতে কান দিতে নারাজ মহমেডানের রাশিয়ান কোচ। এদিন তিনি বলেন, দল প্রতিটা ম্যাচেই ভাল খেলেছে। কিন্তু আমরা অনেকগুলি ম্যাচ হেরেছি ভাগ্যের কারণে। এবং প্রতিটা ম্যাচেই আমরা লড়াই করেছি সাধ্যমত। এটা মাথায় রাখতে হবে, আমাদের প্রতিপক্ষ দলগুলি সবাই অভিজ্ঞ দল। তাদের অনেক ভাল মানের বিদেশিও আছে। আর আমাদের সীমিত ক্ষমতা। তার মধ্যেই আমরা লড়াই করছি। ওড়িশা ম্যাচেও তার ব্যতিক্রম হবে না।
প্রতিপক্ষ দল সম্বন্ধে বলতে গিয়ে মহামেডান কোচের গলায় শোনা গেল যথেষ্ট সমীহের সুর। বললেন, ওড়িশা অনেক বড় দল। দলের প্রত্যেকে ছন্দে রয়েছে। কোচ লোবেরো দারুণভাবে দলটাকে ছন্দে এনে দিয়েছেন। কাজেই ওদের সমীহ না করার উপায় নেই। আমার ছেলেদের কাছে আমার একটাই অনুরোধ, নিজেদের তাগিদে এবার থেকে প্রতিটা ম্যাচে খেল। একটা ম্যাচ জিততে পারলে কিছুটা অক্সিজেন পাওয়া যাবে। চের্নিশভের এই মোটিভেশনে তাঁর দলের ছেলেরা কতটা উজ্জীবিত হবেন তা ওড়িশা ম্যাচেই দেখা যাবে।






