১ এপ্রিল থেকে শুরু সেনসাস, লিভ ইন সম্পর্ককে কি বলা হবে?
প্রথম পর্যায়ে ‘হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং অপারেশনস’ ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
Truth Of Bengal: দেশজুড়ে শুরু জনগণনার নতুন অধ্যায়। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে সেনসাস ২০২৭-এর প্রথম ধাপ। এটি ভারতের ১৬তম জনগণনা এবং স্বাধীনতার পর অষ্টম। এবারই প্রথম পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
প্রথম পর্যায়ে ‘হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং অপারেশনস’ ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ধাপে মোট ৩৩টি প্রশ্নের মাধ্যমে পরিবারের গঠন, ঘরবাড়ির অবস্থা, বাসিন্দার সংখ্যা, পরিবারের প্রধানের পরিচয়, লিঙ্গ, সামাজিক শ্রেণি, খাদ্যাভ্যাস, যানবাহন এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।বিশেষভাবে উল্লেখযোগ্য, এবার নাগরিকদের জন্য ‘সেলফ-এনিউমারেশন’-এর সুযোগ রাখা হয়েছে।
নির্দিষ্ট এসই পোর্টালে মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করে নিজেরাই পরিবারের তথ্য জমা দিতে পারবেন নাগরিকরা। তথ্য জমা দেওয়ার পর মিলবে ১৬ সংখ্যার একটি ‘এসই আইডি’, যা পরে গণনাকারী এলে দেখালেই হবে। এই স্ব-গণনার সুবিধা ফিল্ডওয়ার্ক শুরুর আগে নির্দিষ্ট ১৫ দিনের সময়সীমায় পাওয়া যাবে। জানা গিয়েছে, ১৬টি ভাষায় তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে।কিছু এলাকায় ইতিমধ্যেই নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে।
রাজধানী দিল্লির নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল ও দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় ১৬ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত প্রথম ধাপ চলবে। তার আগে ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সেলফ-এনিউমারেশন করা যাবে।এবারের জনগণনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ‘লিভ-ইন’ সম্পর্কে থাকা দম্পতিরা যদি নিজেদের স্থায়ী সম্পর্ক হিসেবে উল্লেখ করেন, তবে তাঁদের বিবাহিত হিসেবেই গণ্য করা হবে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে স্বচ্ছ ও দ্রুত তথ্য সংগ্রহ নিশ্চিত করতেই এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।






