খেলা

Lionel Messi: ওয়াংখেড়েতে মেসির ক্রিকেট অভিষেক?এক মঞ্চে মেসি ও শচীন!

একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়নকে ওয়াংখেড়ে স্টেডিয়াম সংরক্ষণের অনুরোধ জানিয়েছে।

Truth of Bengal: ফুটবল মাঠে মেসির জাদু দেখেছে গোটা বিশ্ব। এবার কি তবে তিনি ক্রিকেটের ব্যাট হাতে মুগ্ধ করবেন ভারতীয় ক্রীড়াপ্রেমীদের? শীতের শুরুতেই এমন এক দৃশ্যের সাক্ষী থাকতে পারেন মেসিভক্তরা। সব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরের ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। (Lionel Messi) সূত্রের খবর, ওই দিন এক সেভেন-এ-সাইড প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজিত হতে পারে। যেখানে মুখোমুখি হবেন মেসি, ধোনি, বিরাট কোহলির মতো মহাতারকারা। এই ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়নকে ওয়াংখেড়ে স্টেডিয়াম সংরক্ষণের অনুরোধ জানিয়েছে।

[আরও পড়ুনঃ Purulia: বন্দী ভারতের বুকে স্বাধীনতার বার্তা, পুরুলিয়ায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন]

২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন মেসি। সেটিই ছিল তাঁর প্রথম ভারত সফর। দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে পা রাখতে চলেছেন বিশ্বকাপজয়ী ফুটবল তারকা।জানা গিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন মেসি। সফরে নয়াদিল্লি ও কলকাতাও যেতে পারেন তিনি। আর মুম্বইয়ের ম্যাচ হবে সেই সফরেরই অংশ। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ‘ ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে মেসির উপস্থিতির কথা আমাদের জানানো হয়েছে। একটি প্রীতি ক্রিকেট ম্যাচের পরিকল্পনা রয়েছে, যেখানে মেসি ভারতীয় ক্রিকেটের বর্তমান ও প্রাক্তন তারকাদের সঙ্গে মাঠে নামতে পারেন।‘ (Lionel Messi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

জানা গিয়েছে, মেসির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো ভারতীয় মহাতারকাদের। যদি এমন প্রদর্শনী ম্যাচ হয়, তবে তা নিঃসন্দেহে বিশ্বজুড়ে ক্রীড়ামহলে আলোচনার কেন্দ্রে চলে আসবে।প্র সঙ্গত, এর আগেও শোনা গিয়েছিল, অক্টোবরে কেরলে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসতে পারে আর্জেন্টিনা জাতীয় দল। এমনকি কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান জানিয়েছিলেন, রাজ্য সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ৩৮ বছর বয়সী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন।২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই হতে চলেছে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।এবার দেখার, ফুটবলের রাজপুত্র ক্রিকেট ব্যাট হাতে মুম্বইয়ের মাটিতে ঠিক কী ম্যাজিক দেখান।(Lionel Messi)

Related Articles