ম্যাচ হেরেও মন জয় কোহলির, সিরিজ সেরা মিচেলকে উপহার দিলেন নিজের সই করা জার্সি
দু’টি শতরান ও একটি অর্ধশতরান করে মোট ৩৫২ রান করেছেন তিনি। গড় ১৭৬।
Truth Of Bengal: ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউ জিল্যান্ড। তিন ম্যাচের এক দিনের সিরিজে ভারতকে হারিয়ে প্রথম বার দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জিতল কিউইরা। সেই ঐতিহাসিক সাফল্যের নায়ক ড্যারিল মিচেল। দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁর হাতেই।তিন ম্যাচের সিরিজে ভারতীয় বোলারদের কার্যত অসহায় করে দেন মিচেল।
দু’টি শতরান ও একটি অর্ধশতরান করে মোট ৩৫২ রান করেছেন তিনি। গড় ১৭৬। ভারতের মাটিতে মাত্র আটটি ইনিংসে চারটি শতরান করে নজির গড়েছেন মিচেল, যা এর আগে কোনও বিদেশি ব্যাটার পারেননি। ভারতীয়দের বিরুদ্ধে, ভারতের মাটিতেই ধারাবাহিক এই পারফরম্যান্স তাঁকে সিরিজের সেরার স্বীকৃতি এনে দিয়েছে।
অন্য দিকে, সিরিজ়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি। সিরিজ হারলেও মাঠের বাইরে ক্রীড়াসুলভ আচরণে আবারও নজর কেড়েছেন তিনি। ইনদওরের সিরিজ নির্ণায়ক ম্যাচ শেষে ড্যারিল মিচেলকে নিজের সই করা জার্সি উপহার দেন কোহলি। খেলা শেষে দু’দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে থাকার সময় দেখা যায়, হাতে একটি জার্সি নিয়ে মিচেলের দিকে এগিয়ে যাচ্ছেন কোহলি।
সেই জার্সি মিচেলের হাতে তুলে দেন তিনি। হাসিমুখে উপহার গ্রহণ করেন কিউই ব্যাটার। কিছু ক্ষণ কথা বলেন দুই তারকা ক্রিকেটার, তার পর নিজের সতীর্থদের কাছে ফিরে যান কোহলি। এই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন কোহলি। অনেকেরই মত, প্রতিপক্ষের কৃতিত্বকে সম্মান জানাতে পারাই তাঁকে এত বড় মানের ক্রিকেটার করে তুলেছে।






