বেহালায় লণ্ডভণ্ড ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার গলাকাটা দেহ, নেপথ্যে কী?
মৃত অনিতা দেবীর স্বামী অরূপ ঘোষ আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন কর্মী।
সাতসকালে বেহালার পর্ণশ্রী এলাকায় এক প্রৌঢ়া সঙ্গীতশিল্পীর নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসনের দোতলার ফ্ল্যাট থেকে অনিতা ঘোষ নামে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘরের অবস্থা ছিল লণ্ডভণ্ড, যা দেখে প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মৃত অনিতা দেবীর স্বামী অরূপ ঘোষ আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন কর্মী। তিনি বর্তমানে ডিমেনশিয়া রোগে আক্রান্ত এবং বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী। অসুস্থ স্বামীকে দেখাশোনার জন্য বাড়িতে দিন ও রাত মিলিয়ে দু’জন আয়া এবং একজন রান্নার লোক নিযুক্ত ছিল। এদিন সকাল ১০টা নাগাদ এক আয়া ঘরে ঢুকে অনিতা দেবীকে মেঝের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তদন্তকারীদের দাবি, অনিতা দেবীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কোনো ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে এবং পরে গলা কেটে তাঁকে হত্যা করা হয়েছে। ফ্ল্যাটের জিনিসপত্র ছড়ানো-ছিটানো থাকায় পুলিশের ধারণা, খুনের আগে বা পরে আলমারি খুলে লুটপাট চালানো হয়েছে।
রহস্যের জট খুলতে পুলিশ বাড়ির দুই আয়া এবং রান্নার লোককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যেহেতু অরূপ বাবু অসুস্থ এবং কাউকে চেনার অবস্থায় নেই, তাই আততায়ীরা পরিস্থিতির সুযোগ নিয়েছিল বলেই মনে করা হচ্ছে। মহেশতলায় বসবাসকারী অনিতা দেবীর ছেলেদের খবর দেওয়া হয়েছে। পরিচিত কেউ এই অপরাধের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।






