পোল্যান্ডের পাশে দাঁড়িয়েই পাকিস্তানকে তোপ জয়শঙ্করের! সন্ত্রাসবাদ ইস্যুতে স্পষ্ট বার্তা দিল্লির
ভারতের এই কড়া বার্তার নেপথ্যে রয়েছে গত বছর সিকরস্কির পাকিস্তান সফর।
Truth of Bengal: পোল্যান্ডের বিদেশমন্ত্রী সিকরস্কির ভারত সফরের শেষ দিনে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান কড়া ভাষায় স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার দিল্লির বৈঠকে পাকিস্তানের নাম সরাসরি উচ্চারণ না করলেও জয়শঙ্কর পোল্যান্ডকে সতর্ক করে জানান, সন্ত্রাসবাদে মদত দেয় এমন কোনো শক্তির পাশে যেন ওয়ারশ না দাঁড়ায়। বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে পোল্যান্ডকে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের এই কড়া বার্তার নেপথ্যে রয়েছে গত বছর সিকরস্কির পাকিস্তান সফর। সেই সময় ইসলামাবাদ ও ওয়ারশ-র যৌথ বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনা হয়েছিল এবং রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছিল। ভারত বরাবরই কাশ্মীরকে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে গণ্য করে তৃতীয় পক্ষের উপস্থিতির বিরোধিতা করে আসছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পোল্যান্ডের বিদেশমন্ত্রীকে পাশে নিয়েই জয়শঙ্কর বুঝিয়ে দিলেন যে, সন্ত্রাসবাদে উৎসাহ জোগায় এমন কোনো কাজ ভারতের বন্ধু দেশগুলোর থেকে কাম্য নয়।
বৈঠকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভারতের ওপর আন্তর্জাতিক চাপের বিষয়টিও উঠে আসে। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন জয়শঙ্কর। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে থাকার অভিযোগে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর যে হুঁশিয়ারি দিয়েছেন, তাকে অত্যন্ত ‘অন্যায্য’ বলে অভিহিত করেছেন তিনি। জয়শঙ্কর সাফ জানান, যুদ্ধের দায় ভারতের ওপর চাপানোর প্রবণতা ভিত্তিহীন এবং ভারত এই ধরণের একতরফা অভিযোগ মেনে নেবে না।
তিন দিনের এই সফর শেষে পোল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে আলোচনা হলেও, জয়শঙ্করের বিবৃতিতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নটিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে ভারত একদিকে যেমন পোল্যান্ডকে কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান মনে করিয়ে দিল, অন্যদিকে আমেরিকার শুল্ক নীতির বিরুদ্ধেও কড়া কূটনৈতিক প্রতিবাদ নথিভুক্ত করল।






