খেলা

বৈভবকে আউট করে রীতিমতো লাফালাফি, শাস্তি জেমিসনের

জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনাটি ঘটে।

Truth of Bengal: রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে আউট করার পর আগ্রাসী আচরণের জেরে শাস্তির মুখে পড়লেন দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার কাইল জেমিসন। আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে তাঁর নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট, সঙ্গে দেওয়া হয়েছে সতর্কবার্তা।

জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনাটি ঘটে। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে বৈভবকে আউট করেন জেমিসন। মাত্র ১৫ বছর বয়সি এই ব্যাটারকে ফেরানোর পরই নিজের আবেগ সামলাতে পারেননি তিনি। উইকেট নেওয়ার পর বৈভবের খুব কাছে গিয়ে উত্তেজিত ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান, যা মাঠে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারত।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার এমন কোনও ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করতে পারেন না যা প্রতিপক্ষকে অপমান করে বা উত্তেজিত করে তুলতে পারে। জেমিসনের ক্ষেত্রে সেটাই ঘটেছে বলে মনে করা হয়েছে। আম্পায়ারদের রিপোর্টেও তাঁর আচরণকে নিয়মভঙ্গ হিসাবে উল্লেখ করা হয়।

ম্যাচ রেফারি রাজীব শেঠ বিষয়টি খতিয়ে দেখে তাঁকে ‘লেভেল এক’ অপরাধে দোষী সাব্যস্ত করেন। ম্যাচ রেফারি জানিয়েছেন, ২.৫ ধারা ভেঙেছেন কিউয়ি পেসার। যদিও শাস্তি খুব কঠোর নয়, তবুও এটি ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসাবেই ধরা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, জেমিসন নিজের ভুল স্বীকার করে নেন এবং শাস্তিও মেনে নেন।

এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, মাঠে প্রতিযোগিতা যতই তীব্র হোক না কেন, খেলোয়াড়দের আচরণে সংযম থাকা জরুরি। বিশেষ করে যখন প্রতিপক্ষ একজন অল্পবয়সি ক্রিকেটার, তখন দায়িত্ব আরও বেশি। নইলে খেলার সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়।

 

Related Articles