খেলা

আইপিএল বেটিং চক্র: হোয়াটসঅ্যাপে নতুন ফাঁদ স্ক্যামারদের, খোয়াতে পারেন সর্বস্ব!

IPL betting racket: Scammers trap new scammers on WhatsApp, can lose everything!

Truth Of Bengal:  আইপিএল ২০২৫ শুরু হতেই বেটিং চক্র ও কালোবাজারির খবর উঠে আসতে শুরু করেছে। এবার হোয়াটসঅ্যাপেও সক্রিয় হয়ে উঠেছে স্ক্যামাররা, যারা প্রতারণার নতুন ফাঁদ পেতেছে সাধারণ মানুষের জন্য। বিশেষত, মোবাইলে আইপিএল খেলা দেখার সময় সতর্ক না থাকলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে অনলাইন বেটিংয়ের লিংক পাঠিয়ে ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে। এসব মেসেজে বলা হচ্ছে, লিংকে ক্লিক করলেই আইপিএল, ক্রিকেট বা ফুটবল খেলে আয় করা যাবে। আরও প্রলোভন দেখানো হচ্ছে এক্সক্লুসিভ অফার ও ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের নামে। কিন্তু এসব লিংকে ক্লিক করলেই ফোনে ভাইরাস প্রবেশ করছে, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা।

অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে, অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে তাঁদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হচ্ছে। এসব মেসেজে ভিডিও লিংক দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, রেজিস্ট্রেশন করলেই ৩৮৮ টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হবে। এছাড়া বিভিন্ন আকর্ষণীয় ছাড়ের প্রলোভনও দেওয়া হচ্ছে। কিন্তু এই ফাঁদে পা দিলেই সর্বস্ব খোয়ানোর আশঙ্কা।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

  • অচেনা নম্বর থেকে আসা কোনও লিংকে ক্লিক করবেন না।
  • যদি এমন কোনও মেসেজ পান, তাহলে নম্বরটি ব্লক করুন এবং রিপোর্ট করুন।
  • হোয়াটসঅ্যাপে যদি অজানা কেউ ব্যক্তিগত তথ্য চায়, তাহলে এড়িয়ে চলুন।
  • স্প্যাম মেসেজে আসা কোনও লিংকে রেজিস্টার করবেন না বা রিপ্লাই দেবেন না।
  • প্রাইভেসি সেটিংস পরিবর্তন করে নিশ্চিত করুন, যাতে অচেনা নম্বর আপনাকে হুটহাট কোনও গ্রুপে যোগ করতে না পারে।

আইপিএল মৌসুম এলেই অনলাইনে বেটিং চক্র ও প্রতারণার ফাঁদ বেড়ে যায়। তাই যেকোনো লোভনীয় অফারের ফাঁদে পা না দিয়ে নিরাপদ থাকুন, সচেতন থাকুন!

Related Articles