Truth Of Bengal : এই প্রথম কাঞ্চনজঙ্ঘার কোলের শহর কালিম্পংয়ে অনুষ্ঠিত হল কেবি ছেত্রী গোল্ড হকি টুর্নামেন্ট। পাহাড়ের বুকে এবারই প্রথম এইরকম হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। টুর্নামেন্টের প্রধান আয়োজক হলেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় অলিম্পিয়ান ভরত ছেত্রী। চার দিন ব্যাপী এই টুর্নামেন্টের সূচনা হয় গত ১৩ মার্চ। চলে ১৬ মার্চ অবধি। টুর্মামেন্টে দু’টি বিভাগ ছিল। পুরুষদের জন্য অনূর্ধ্ব ১৪ এবং মহিলাদের জন্য অনূর্ধ্ব-১৭। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা দল এই টুর্নামেন্টে অংশ নেয়।
মহিলা বিভাগে বিজয়ী হয় উত্তর প্রদেশের প্রয়াগরাজ দল। তারা পরাজিত করে পাটনার আরকে রয় হকি অ্যাকাডেমিকে। এই বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ভরত ছেত্রী হকি অ্যাকাডেমি। অপর দিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় আরকে রয় অ্যাকাডেমি। তারা পরাজিত করে অসম হকি অ্যাকাডেমিকে। এই বিভাগেও তৃতীয় স্থান অর্জন করে ভরত ছেত্রী হকি অ্যাকাডেমি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিটিএ প্রধান অনীত থাপা, প্রাক্তন জাতীয় হকি খেলোয়াড় ধন্যরাজ পিল্লাই, ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হরেন্দ্র সিং, কালিম্পংয়ের বিধায়ক, জেলাশাসক-সহ বিশিষ্ট জনেরা।
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ভরত ছেত্রী জানান, পাহাড়ের বুকে এই ধরনের টুর্নামেন্ট এই প্রথম আয়োজন করে স্থানীয় মানুষদের যেভাবে সহযোগিতা পাওয়া গেল তার অভাবনীয়। এরপর হকি স্টেডিয়াম পুরোপুরি তৈরি হয়ে গেলে আরওবড় করে টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে।






