রাজ্যের খবর

ভোররাতে তুলে নিয়ে গেল পুলিশ, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

শুক্রবার ভোররাতে খড়গপুরের বাড়িতে হানা দেয় পুলিশ

Truth of Bengal: গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। শুক্রবার ভোররাতে খড়গপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাঁকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করে ডেবরা থানায় পাঠানো হয়েছে। তবে ঠিক কোন মামলায় এবং কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অজিত মাইতি। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে জেলা পরিষদের সহ-সভাধিপতির দায়িত্বে ছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খড়গপুরের বাড়িতেই ছিলেন অজিত মাইতি। শুক্রবার ভোররাতে সেখানে পৌঁছয় খড়গপুর থানার পুলিশ। তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর গ্রেফতার করে পাঠানো হয় ডেবরা থানায়।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দীর্ঘদিনের পুরনো একটি মামলার সূত্রেই এই গ্রেফতারি। যদিও সেই মামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, সে বিষয়েও পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে তৃণমূল। দলের অভিযোগ, পরিকল্পিত ভাবেই অজিত মাইতিকে গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষ বলেন, “আমরা শুনেছি পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল অজিতবাবুর। ঠিক তার আগেই তাঁকে গ্রেফতার করা হল। এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।”

Related Articles