কলকাতা

আদালত চত্বরে আইনজীবীকে ডিম হামলা! কড়া পদক্ষেপে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “আজকে একজন আইনজীবীকে আক্রমণ করা হয়েছে

Truth of Bengal: বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “আজকে একজন আইনজীবীকে আক্রমণ করা হয়েছে। কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনা বন্ধ হওয়া দরকার।”

এই মামলায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হলফনামাও চেয়েছে আদালত। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ঘটনার সূত্রপাত গত ২২ সেপ্টেম্বর ভাঙড় কলেজে পরিচালন সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে। বিজেপি নেতা সায়ন্তন বসুর পরিবর্তে স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকে পরিচালন সমিতির সভাপতি করার দাবিতে এর আগে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফের ছাত্র সংগঠন। পরে সায়ন্তন বসু ভাঙড় কলেজে গেলে তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এসএফআই ও আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে।

কলেজ চত্বরে একদিকে বিক্ষোভ, অন্যদিকে এবিভিপির পালটা স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জও করে। পরে পুলিশের ঘেরাটোপে কলেজে ঢুকে পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সায়ন্তন বসু। এই অশান্তির ঘটনায় গ্রেফতার হওয়া এসএফআই কর্মীদের জামিনের সওয়াল করতে বারুইপুর আদালতে গিয়েছিলেন আইনজীবী তথা বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। আদালত দুই ছাত্রের জামিন মঞ্জুর করার পর আদালত চত্বরে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে অভিযোগ। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।