খেলা

Chess: ভারতে ফিরছে এফআইডিই দাবা বিশ্বকাপ, অংশ নেবেন ২০৬ দাবাড়ু

Truth of Bengal: দীর্ঘ ২৩ বছর পর ফের দাবা (Chess) বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। সোমবার আন্তর্জাতিক দাবা ফেডারেশন  এফআইডিই -এর তরফে ঘোষণা করা হয়েছে, ৩০ অক্টোবর থেকে শুরু হবে এবারের দাবা বিশ্বকাপ। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। তবে কোথায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেই ঘোষণা কিছুদিনের মধ্যেই করবে ফেডারেশন।২০০২ সালে শেষবার হায়দ্রাবাদে দাবা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের দাবার জীবন্ত কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ। তার পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কেটে গেছে। এবার ফের ভারতের মাটিতে বসছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দাবা প্রতিযোগিতা।

[আরও পড়ুনঃ Air Crash: ভেঙে পড়ল বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান, মৃত অন্তত ১, আহত বহু]

আসন্ন বিশ্বকাপে অংশ নেবেন মোট ২০৬ জন দাবাড়ু। এই প্রতিযোগিতা হবে নকআউট ফরম্যাটে। জানা গিয়েছে, শীর্ষ ৫০ জন প্রথম রাউন্ডে বাই পাবেন। বাকি ৫১ থেকে ২০৬-এর মধ্যে থাকা প্রতিযোগীদের প্রথম রাউন্ড থেকেই খেলতে হবে। এই প্রসঙ্গে এফআইডিই-এর সিইও এমিল সুতোভস্কি বলেছেন,’ ভারতে এফআইডিই বিশ্বকাপ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। ভারতে দাবা শুধু খেলা নয়, এটা আবেগ। গোটা দেশ দাবাকে যেভাবে গ্রহণ করে, তা বিশ্বে নজিরবিহীন।’

২০২১ সাল থেকে শুরু হওয়া ফরম্যাটে একটি ‘সিঙ্গেল এলিমিনেশন স্ট্রাকচার’ রয়েছে।এবারও এই ফরম্যাটে প্রতিটি রাউন্ড তিন দিন ধরে হবে। প্রথম দু’দিনে খেলা হবে ক্লাসিকাল ম্যাচ। যদি ফল না বেরোয়, তাহলে তৃতীয় দিনে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। ফলে প্রতিটি ম্যাচেই রয়েছে উত্তেজনার চরম পর্যায়, কারণ একটি হারেই বিদায়। অন্যদিকে ভারতীয় তারকাদের মধ্যে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছেন। ডি গুকেশ (এই মুহূর্তে ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় র‍্যাঙ্কধারী), রমেশবাবু প্রজ্ঞানন্দ (২০২৩ বিশ্বকাপের রানারআপ), অর্জুন এরিগাইসি (বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে)।  বিশ্বের এক নম্বর নরওয়ের ম্যাগনাস কার্লসেনও এই বছরের শুরুতেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। (Chess)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

যদিও এখনও তাঁর অংশগ্রহণ নিশ্চিত নয়, তবে যদি তিনি খেলেন, তা হলে প্রতিযোগিতার আকর্ষণ বহু গুণ বেড়ে যাবে।এফআইডিই দাবা বিশ্বকাপ শুধুমাত্র একটি ট্রফি জেতার লড়াই নয়— এটি বিশ্ব দাবা (Chess) চ্যাম্পিয়নশিপের জন্য ক্যান্ডিডেটস টুর্নামেন্টে পৌঁছনোর গুরুত্বপূর্ণ ধাপ। ফলে এখান থেকে ভালো ফলের মাধ্যমে আগামী দিনের দাবা মহাযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়। ভারতে এই প্রতিযোগিতা আয়োজিত হওয়া নিঃসন্দেহে দেশের উঠতি প্রতিভাদের জন্য অনুপ্রেরণাদায়ক। সেইসঙ্গে  বিশ্ব দরবারে ভারতের দাবার দাপট ফের একবার প্রমাণ করার মঞ্চ।

Related Articles