খেলা

চুল টেনে লাল কার্ড মার্তিনেজের, ওল্ড ট্র্যাফোর্ডে লজ্জার হার ম্যান ইউয়ের

ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের ঘরের মাঠেই হতাশার রাত কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড।

Truth of Bengal: ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের ঘরের মাঠেই হতাশার রাত কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডের কাছে ১-২ গোলে হার শুধু ফলাফলের জন্য নয়, বরং ম্যাচের মাঝপথে ঘটে যাওয়া এক বিতর্কিত সিদ্ধান্তের জন্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় ইউনাইটেড। ৫ ও ২৯ মিনিটে নোয়াহ ওকাফোরের জোড়া গোলে এগিয়ে যায় লিডস। এরপর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে কাসেমিরো একটি গোল শোধ করলেও ততক্ষণে ম্যাচের মোড় ঘুরে গিয়েছে। তবে পুরো ম্যাচের রং বদলে দেয় ৫৬ মিনিটের একটি ঘটনা।

প্রতিপক্ষ স্ট্রাইকার ডমিনিক কালভার্ট- লেউইনের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে চুল টানার অভিযোগে লাল কার্ড দেখানো হয় লিসান্দ্রো মার্তিনেজকে। ভিএআরের পরামর্শে পিচসাইড মনিটর দেখে এই সিদ্ধান্ত নেন রেফারি। আর এই সিদ্ধান্তই এখন তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিক এই সিদ্ধান্তে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে, এটি ছিল অত্যন্ত কঠোর এবং ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, মার্তিনেজ ইচ্ছাকৃতভাবে কোনও আক্রমণাত্মক আচরণ করেননি, বরং ভারসাম্য হারানোর পর সামান্য স্পর্শেই এমন শাস্তি দেওয়া হয়েছে।

ক্যারিক আরও অভিযোগ করেন, ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইউনাইটেডের বিপক্ষে গেছে। বিশেষ করে প্রথম গোলের আগে লেনি ইয়োরোর ওপর আক্রমণের ঘটনাটি উপেক্ষা করায় তিনি অসন্তুষ্ট। তাঁর মতে, সেই মুহূর্তটিও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

এই লাল কার্ডের কারণে মার্তিনেজ তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। যদিও ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

হারের পরও পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে ইউনাইটেড। তবে এমন বিতর্কিত সিদ্ধান্ত যদি বারবার তাদের বিপক্ষে যায়, তাহলে মরশুমের গুরুত্বপূর্ণ সময়ে তার বড় প্রভাব পড়তেই পারে। সামনে চেলসির বিপক্ষে কঠিন লড়াই, যেখানে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য।

Related Articles