
ডুরান্ড কাপের সেমিফাইনালে খেলতে দেখা যাবে কলকাতার দুই প্রধানকে। দীর্ঘ ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে হতে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দেখা যেতে পারে। তবে তার আগে কলকাতার দুই দলকে জিততে হবে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ইস্টবেঙ্গল। আর মুম্বই সিটিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবার পালা ফাইনালে ওঠার। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে মোহনবাগান খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। সেমিফাইনালে দুই প্রধান জিতলে আগামী ৩ সেপ্টেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ফাইনালে কলকাতা ডার্বি।
এবারের ডুরান্ডে ইস্টবেঙ্গল অপ্রতিরোধ্য ফুটবল খেলেছে। গ্রুপ লিগের শুরুতে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর চলতি ডুরান্ডে ইস্টবেঙ্গলকে আলাদা ছন্দে পাওয়া যাচ্ছে। যুবভারতীতে ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে টানা আটটা ডার্বি ম্যাচে পরাজয়ের গ্লানি ভোলে লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগানকে হারানোর পাশাপাশি পঞ্জাব এফসি-র বিরুদ্ধে জয় পায় ইস্টবেঙ্গল। তবে এরপর কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালাকে ২-১ হারায় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত দলের ফুটবলারদের পারফরম্যান্সে খুশি। তবে সেমিফাইনাল আলাদা ম্যাচ বলে ফুটবলারদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফাইট, ফাইট অ্যান্ড মোর ফাইট মন্ত্রেই ডুরান্ড জিততে চাইছেন কুয়াদ্রাত।
অন্যদিকে, ডার্বি হারের ধাক্কা কাটিয়ে সেমিফাইনালে উঠে আত্মবিশ্বাসী মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারে এলোমেলো না হয়ে নিজের দলকে গুছিয়ে নেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। গতকাল, রবিবার যুবভারতীতে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন জেসন কামিংস। ২৮ মিনিটে মোহনবাগান ডিফেন্সের ভুলে মুম্বইয় সিটিকে সমতা ফেরান দিয়াজ। তবে দু’মিনিট পরেই এগিয়ে যায় মোহনবাগান। গোল করেন মনবীর সিং। ৬৩ মিনিটে মোহনবাগানের তৃতীয় গোল করেন আনোয়ার আলি।
ডুরান্ড সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল
২৯ অগাস্ট, মঙ্গলবার
ইস্টবেঙ্গল বনাম গোয়া
দ্বিতীয় সেমিফাইনাল
৩০ অগাস্ট, বুধবার
মোহনবাগান বনাম এফসি গোয়া
(দুটি ম্যাচই যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে)






