কলকাতারাজ্যের খবর

রবিবার কলকাতায় বৃষ্টির আশঙ্কা, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জোড়া ফলা দেখার সম্ভাবনা রয়েছে।

ছুটির দিনে ফের একবার বৃষ্টির মুখে পড়তে চলেছে রাজ্য। আলিপুর আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দিনভর আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে মহানগরীতে এক বা দু’দফায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। উল্লেখ্য, গতকাল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ ছুঁয়ে যাওয়ায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রবিবার বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জোড়া ফলা দেখার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ প্রাক-বর্ষার মতন ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সময়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রেকর্ড পরিমাণ অতিভারী বৃষ্টির (২০ সেন্টিমিটারের বেশি) আশঙ্কা থাকায় এই দুই জেলার জন্য জারি করা হয়েছে হাই-অ্যালার্ট বা ‘রেড অ্যালার্ট’। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার বেশ কিছু অংশেও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দিয়ে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Related Articles