আদালতে বড় ধাক্কা হাসিনের, বেকসুর খালাস মহম্মদ শামি
আইনি লড়াইয়ে হাসিন জাহানকে হারিয়ে দিলেন শামি
Truth of Bengal: ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল, বল হাতে বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মহম্মদ শামি। কিন্তু সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণার সময় এই অভিজ্ঞ পেসারকে ব্রাত্যই রেখেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচনী কমিটি। তবে ক্রিকেট মাঠে উপেক্ষা জুটলেও, বুধবার আলিপুর আদালত থেকে এল এক বিরাট খুশির খবর। ২০১৮ সালে শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিন জাহান অভিযোগ করেছিলেন যে, সংসার খরচের জন্য শামি তাঁকে ১ লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন, যা ব্যাঙ্কে জমা করতেই বাউন্স করে। দীর্ঘ চার বছর ধরে চলা এই মামলায় আদালত স্পষ্ট জানিয়ে দেয়, শামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার মতো কোনও পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাসিন দিতে পারেননি।
প্রতি মাসে দিতে হয় ৪ লক্ষ টাকা!
বুধবার আলিপুর আদালতে সশরীরে হাজির হয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের এই ধুরন্ধর পেসার। রায় ঘোষণার পর স্বস্তির হাসি হেসে শামি সাংবাদিকদের বলেন, “আমি প্রথম থেকেই জানতাম রায় আমাদের পক্ষেই আসবে। কারণ আমি কোনো ভুল বা অন্যায় করিনি। আইনত আমাকে যা যা পরিশোধ করতে বলা হয়েছিল, তার প্রতিটি পয়সা আমি নিয়ম মেনে দিয়েছি। সব কিছু তো মানুষের নিয়ন্ত্রণে থাকে না, তবুও মাঠ হোক বা মাঠের বাইরে, আমি নিজের সাধ্যমতো লড়াই চালিয়ে যাই।”
তবে চেক বাউন্স মামলায় জিতলেও শামি ও হাসিন জাহানের মধ্যে খোরপোশ সংক্রান্ত মূল আইনি লড়াই কিন্তু এখনও শেষ হয়নি। কলকাতা হাইকোর্টের বর্তমান নির্দেশ অনুযায়ী, শামি প্রতি মাসে হাসিন জাহানকে ব্যক্তিগত খরচের জন্য দেড় লক্ষ টাকা এবং তাঁদের মেয়ের লালনপালন ও পড়াশোনার জন্য আড়াই লক্ষ টাকা (মোট ৪ লক্ষ টাকা) খোরপোশ দিয়ে থাকেন।
বিভিন্ন সূত্রের খবর, হাসিন জাহান বর্তমানে শামির কলকাতার ফ্ল্যাটেই বসবাস করেন এবং মেয়ের পড়াশোনার জন্য নিয়মিত দিল্লি ও কলকাতায় যাতায়াত করেন। অন্যদিকে, ক্রিকেট বা আইপিএলের ব্যস্ততা না থাকলে শামি বেশিরভাগ সময় কাটান উত্তরপ্রদেশের আমরোহায় নিজের দেশের বাড়িতে। দীর্ঘ বছর ধরে চলা পারিবারিক বিবাদের মাঝে বুধবারের এই রায় যে ভারতীয় পেসারের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দিল, তা বলাই বাহুল্য।





