রাজ্যের খবর

“বিচুটি পাতার ঝোল খাওয়াব, আমায় চেনো না!”, জগদ্দল থেকে কমিশনকে চরম হুঁশিয়ারি মমতার

মমতার কেন্দ্রে ‘ছাপ্পা’র ছক কেন্দ্রীয় বাহিনীর? ৭৭ ও ৬৩ নম্বর ওয়ার্ড নিয়ে বিষ্ফোরক দাবি তৃণমূলনেত্রীর

Truth of Bengal: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের একবার রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জগদ্দলের নির্বাচনী জনসভা থেকে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। মমতার দাবি, তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের (ভবানীপুর) তিনটি ওয়ার্ডকে টার্গেট করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ‘ছাপ্পা ভোট’ করানোর পরিকল্পনা করছে বিজেপি। সাফ জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না।

জগদ্দলে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সমর্থনে আয়োজিত সভায় মমতা বলেন, “আমার কেন্দ্রের তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে! তার মধ্যে ৭৭ আর ৬৩ নম্বর ওয়ার্ড আছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে? এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠ্যালা! ধোঁকার ডালনা খাওয়াব, বিচুটি পাতার ঝোল খাওয়াব। তুমি আমাকে চেনো না।” এমনকি নির্বাচন কমিশন তাঁকে ‘ব্যান’ বা নিষিদ্ধ করলেও তিনি পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দেন নেত্রী। তাঁর কথায়, “যেখানে তুমি গন্ডগোল করবে, আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে! আমাকে ব্যান করলে সারা ভারত, সারা পৃথিবী দেখাবে!”

ভোটের মুখে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বেড়েছে, তা নিয়েও এদিন সরব হন তৃণমূল সুপ্রিমো। সোমনাথ শ্যামকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সমর্থকদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, “যদি সোমনাথকে গ্রেফতার করে, আপনারা কি ভয় পাবেন? মা-বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোবেন। পোলিং থেকে কাউন্টিং, সর্বত্র নজর রাখুন। ইভিএম মেশিন চেঞ্জ করা ওদের প্ল্যান। কোনও কারচুপি করতে দেবেন না।”

জগদ্দলের এই সভা থেকে মমতার আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিল, প্রথম দফার ভোটের আগে এক ইঞ্চি জমিও তিনি ছাড়তে রাজি নন। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তাঁর এই অভিযোগ চব্বিশের লড়াইয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রচারের শেষবেলায় নেত্রীর এই ‘বিচুটি পাতা’র হুঁশিয়ারি এখন রাজ্য রাজনীতির হট টপিক।

Related Articles