খেলা

বিজয়রথ ছুটছেই! প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় আর্তেতার আর্সেনালের

এটি ছিল প্রিমিয়ার লিগে তাদের টানা পঞ্চম জয়।

Truth Of Bengal: ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জয়ের স্বপ্ন আরও জোরাল করল আর্সেনাল। বোর্নমাউথের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩–২ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিল মিকেল আর্তেতার দল। এই জয়ের ফলে ২০ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৪৮। দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার থেকে তারা এগিয়ে রয়েছে ৬ পয়েন্টে, আর তৃতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে ব্যবধান ৭ পয়েন্ট।

ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আর্সেনাল। ১০ মিনিটে এভানিলসনের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। গ্যাব্রিয়েলের ভুল পাস থেকেই গোলের সুযোগ পায় স্বাগতিকরা। তবে ভুলের প্রায় সঙ্গে সঙ্গেই তার প্রায়শ্চিত্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ১৬ মিনিটে সেট-পিস থেকে ননি মাদুয়েকের বাই-লাইনে দৌড়ের পর আসা বল থেকে গোল করে সমতা ফেরান গ্যাব্রিয়েল মাগালহেস।

সমতা ফেরানোর পর থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে আর্সেনাল। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। ৫৪ মিনিটে ডেকলান রাইস নিখুঁত ফিনিশে দলকে লিড এনে দেন। হাঁটুর চোটের কারণে মাঝ সপ্তাহে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচ মিস করা রাইস ৭১ মিনিটে ফের জ্বলে ওঠেন। বদলি হিসেবে নামা বুকায়ো সাকার কাটব্যাক থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দু’গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বোর্নমাউথ। আক্রমণাত্মক ফুটবল বজায় রেখে ৭৬ মিনিটে জুনিয়র ক্রোপির দুরন্ত ডান পায়ের শটে ব্যবধান কমায় তারা। তবে বাকি সময়ে দৃঢ় রক্ষণে ভর করে জয় ধরে রাখে আর্সেনাল। এটি ছিল প্রিমিয়ার লিগে তাদের টানা পঞ্চম জয়।

অন্যদিকে, ঘরের মাঠে দাপট অব্যাহত রাখল অ্যাস্টন ভিলা। উনাই এমেরির দল ৩–১ ব্যবধানে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। ২০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪২। ফরেস্টের বিরুদ্ধে এই জয় ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে ভিলার টানা ১১তম হোম জয়। প্রথমার্ধের শেষলগ্নে অলি ওয়াটকিন্স গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জন ম্যাকগিন দু’টি গোল করেন, মাঝখানে মরগান গিবস-হোয়াইট ফরেস্টের হয়ে একটি গোল শোধ দেন।এই ফলাফলের পর তৃতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ১৯ ম্যাচে আর্লিং হালান্ডদের পয়েন্ট ৪১। অন্য ম্যাচে ব্রাইটন ২–০ ব্যবধানে বার্নলিকে হারিয়ে ছয় ম্যাচের জয়হীন ধারা কাটাল।

Related Articles