বাড়ি বাড়ি ‘আশীর্বাদের প্রদীপ’, মোদির জন্মদিনে বড় কর্মসূচি বিজেপির
এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিকে।
Truth of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে বাংলায় বড় কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘সেবা সংকল্প অভিযান’। সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে চলবে এই কর্মসূচি। মূল লক্ষ্য, বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের কাজ তুলে ধরা।
এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিকে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ স্তরের কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালানোর আহ্বান জানাবেন। বিজেপির দাবি, এই প্রদীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর সংকল্পের প্রতীক হবে।
দলের তরফে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘আশীর্বাদ কা দিয়া’ ভিডিও প্রচার করা হবে। কেন্দ্রীয় স্তরে তৈরি ভিডিও বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষায় প্রচার করা হবে। পাশাপাশি তৈরি হচ্ছে থিম সং ও সংক্ষিপ্ত তথ্যচিত্র।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা রয়েছে। আয়োজন করা হবে অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে মোদির জনসেবামূলক কাজ এবং ‘বিকশিত ভারত’-এর রূপরেখা তুলে ধরার পরিকল্পনা করেছে বিজেপি।
এছাড়া পথনাটক, পদযাত্রা, বাইক র্যালি, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরেরও আয়োজন হবে। বিভিন্ন ব্লকে ‘সেবা সেতু’ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নথিভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
বাংলায় গোটা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। মোদির জন্মদিনকে সামনে রেখে দল ও সরকারের সংগঠনকে একসঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।






