English Channel: ইংলিশ চ্যানেল জয়ে ইতিহাস আফরিনের! বুলা চৌধুরীর পর বাংলার নতুন কন্যা
মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে তিনি সফলভাবে পেরোলেন ইংলিশ চ্যানেল।
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ১৯৮৯ সালে হুগলির বুলা চৌধুরী প্রথম বাঙালি মহিলা হিসেবে সাঁতরে পার করেছিলেন ইংলিশ চ্যানেল। বহু বছর পরে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবি। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে তিনি সফলভাবে পেরোলেন ইংলিশ চ্যানেল। আর তাতেই বেশ গর্বিত মেদিনীপুরবাসী। মাত্র ২১ বছর বয়সেই এই বিরল কৃতিত্ব অর্জন করলেন সমাজবিজ্ঞানের ছাত্রী আফরিন। বর্তমানে তিনি মেদিনীপুর কলেজে পড়াশোনা করছেন (English Channel)।
আরও পড়ুন: CSFA Nation Cup: সিএএফএ নেশন কাপে অংশগ্রহণ করবে ভারতীয় সিনিয়র ফুটবল দল
দীর্ঘদিন ধরে মেদিনীপুর সুইমিং ক্লাবে প্রশিক্ষণ নেওয়া আফরিন ছোট থেকেই সাঁতারে পারদর্শী। একাধিক প্রতিযোগিতায় জিতেছেন পুরস্কার। তবে তাঁর আসল লক্ষ্য ছিল ইংলিশ চ্যানেল জয় করা। সেই লক্ষ্যেই বছরভর কঠোর অনুশীলনে ডুবে ছিলেন তিনি। সোমবার তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়। চিকিৎসকরা অনুমতি দেওয়ার পর মঙ্গলবারই তিনি ঝাঁপ দেন ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝে আটলান্টিক মহাসাগরের বরফঠান্ডা জলে। মাত্র ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সেই জলে টানা ১৩ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতার কেটে ইতিহাস গড়েন আফরিন। এই সাফল্যের পর আবেগে ভেসেছেন তাঁর বাবা শেখ পিয়ার আলি। তিনি বলেন, ‘ জলের তাপমাত্রা ছিল খুব কম (English Channel)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
শেষের দিকে ও একটু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বোটে থাকা চিকিৎসকদের তৎপরতায় এখন ও পুরো সুস্থ।‘ আফরিনের এই অসাধারণ কৃতিত্বে গর্বিত গোটা মেদিনীপুরবাসী। জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ বলেন, ‘ এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। বাংলার কন্যারা আবারও দেখিয়ে দিলেন তাঁরা কিছুতেই পিছিয়ে নেই।’ বুলা চৌধুরীর দেখানো পথেই হাঁটলেন আফরিন জাবি। তাঁর এই জয় নতুন প্রজন্মকে সাঁতার ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি উৎসাহিত করবে, এমনটাই মনে করছেন ক্রীড়ামহল (English Channel)।






