বাংলার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ?
Where are the central forces in the by-elections of the 4 assembly constituencies of Bengal?

The Truth Of Bengal: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। আর তারপরেই রাজ্যের মোট ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের লড়াই শুরু হয়ে যাবে। মানিকতলার বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাটে দক্ষিণে ভোট গ্রহণ পর্ব শুরু হবে সকাল ৭টা থেকে। ২৪-র লোকসভা নির্বাচন শেষ হতেই বিধানসভা উপনির্বাচনের জন্য জোরকদমে প্রচারে নেমেছিল রাজনৈতিক দলগুলো। লড়াইয়ের ময়দানে জোর টক্কর দিচ্ছে তৃণমূল-বাম কংগ্রেস জোট-বিজেপি প্রত্যেকেই। তবে, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশনও। শান্তিপূর্ণভাবে ভোট করানোর লক্ষ্যে কোথায় কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, একনজরে দেখে নেওয়া যাক।
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৪টি কেন্দ্রের জন্যই ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যদিও, গত শনিবার আরও ১৫ কোম্পানি বাড়িয়ে আধা সেনার সংখ্যা করা হয়েছে ৭০ কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে। এখানে প্রাথমিকভাবে বরাদ্দ ১৬ কোম্পানির সঙ্গে চার কোম্পানি সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি, রানাঘাটের দিকে নজর দিলে দেখা যাবে, প্রথমে সেখানে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছিল। যদিও, তা বাড়িয়ে বর্তমানে ১৯ কোম্পানি করা হয়েছে। রায়গঞ্জের জন্য বরাদ্দ ছিল ১২ কোম্পানি। সেই সঙ্গে যোগ দিচ্ছে আরও চার কোম্পানি সিআরপিএফ।
এছাড়া, উত্তর কলকাতার মানিকতলা বিধানসভার ক্ষেত্রে, ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৩ কোম্পানি সুরক্ষা বল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলার ৪টি হাইভোল্টেজ কেন্দ্রে লড়াইতে নামলেন হেভিওয়েট প্রার্থীরা। কোনও কোনও কেন্দ্রে তৃণমূলের পাল্লা ভারী, তো কোনোটাতে আবার বিজেপির। তবে, পাল্লা ভারী করে ভোট টানার সুযোগ কী নিতে পারবে বাম-কংগ্রেস জোট, সেই ভবিষ্যত নির্ধারণই হবে বুধবারের ভোটবাক্সে।






