ভোটের আগে বড় বিতর্ক, বিজেপি প্রার্থী হিরণের ডক্টরেট ডিগ্রি জাল! কমিশনে নালিশ আপের, শুভেন্দুকে খোঁচা দেবের
BJP candidate Hiran's doctorate degree is fake

The Truth of Bengal: নির্বাচনের মুখে বিজেপির মুখ পুড়ল। সোচ্চার তৃণমূল কংগ্রেসের মতোই আম আদমি পার্টিও।বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অভিযোগ,ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়ো’ ।এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে আম আদমি পার্টি। কমিশনে কাছে পশ্চিমবঙ্গ আম আদমি পার্টির নেতৃত্বের তরফে হিরণের প্রার্থীপদ বাতিলেরও আবেদন করা হয়েছে। হিরণ তাঁর হলফনামায় উল্লেখ করেছেন যে, তিনি খড়্গপুর আইআইটি থেকে গবেষণা করছেন। কিন্তু আম আদমি পার্টির দাবি, খড়্গপুর আইআইটির তরফ থেকে মেলা তথ্যে পরিষ্কার হিরণ চট্টোপাধ্যায় এই ধরণের কোনও ডক্টরেট করেননি।তাঁদের দাবি, সেই তথ্য পুরোপুরি ভুয়ো। আপের বক্তব্য, ঘাটালের বিজেপি প্রার্থী আইআইটি থেকে কোনও গবেষণা করছেন না।

হিরণের নির্বাচনী হলফনামায় অসঙ্গতি রয়েছে দাবি করে কমিশনের দ্বারস্থ হয়েছে আপ। শুধু গবেষণায় যুক্ত থাকার মিথ্যে তথ্যই নয়, বিজেপি প্রার্থী কোনও ভাবেই খড়্গপুর আইআইটির সঙ্গে যুক্ত নন বলেও আরটিআই করে জানতে পেরেছেন আম আদমি পার্টির নেতৃত্ব। একই সঙ্গে হিরণের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ করে প্রার্থিপদ প্রত্যাহার করার দাবির পক্ষেও সুর চড়িয়েছে।আর এই ভুয়ো তথ্যকে হাতিয়ার করে সরব দেব।তৃণমূল কংগ্রেস প্রার্থীর খোঁচা, “ও শুভেন্দুদা, তোমার প্রার্থী তো প্রথম থেকেই মিথ্যে কথা বলছে,ঢপের ডক্টর।
আর কত বোকা বানাবে ঘাটালের মানুষকে।’’ বিজেপি প্রার্থীর ভুয়ো ডিগ্রি বিতর্ক কার্যতঃ গেরুয়া শিবিরের মুখ পুড়িয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।কারণ ঘাটালে দুর্নীতির অভিযোগ তুলতে গিয়ে বিরোধীরা প্যাঁচে পড়েছে। দেব ইতিমধ্যে গরু পাচার থেকে সিনেমায় বিনিয়োগ সব ইস্যুতেই মুখের মতো জবাব ও দিয়েছেন। এখন হিরণের ভুয়ো ডক্টরেট ডিগ্রির অস্বস্তি কার্যতঃ বিজেপিকে যে ব্যাকফুটে ফেলে দিল তা বলাই যায়। তাই নির্বাচনী রাজনীতিতে ক্রমশ গেরুয়া ফিকে হয়ে যাওয়ায় বিজেপি যতই বিতর্ক তৈরি করুক, আসলে উন্নয়নের প্রশ্নে বিরোধীরা পিছিয়ে বলেও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করছেন।ঘাটালবাসীর কাছে যেখানে ঘাটাল মাস্টারস্ট্রোক বড় ফোকাস সেখানে বিজেপির নানা ইস্যু তুলে ধরার চেষ্টাও বারবার ধাক্কা খাচ্ছে। তাই আসলে বিজেপি ঘাটালে যতই চিত্রনাট্য সাজাচ্ছেন ততই তা ব্যুমেরাং হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিমত।






