কলকাতা

জানুয়ারিতেই রোদের এমন তেজ কেন? রেকর্ড গরমের পূর্বাভাস!

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

Truth Of Bengal: শীতের আমেজ কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই রাত ও ভোরের হালকা শীত পুরোপুরি উধাও হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাস থেকেই রাজ্যে তীব্র গরমের দাপট শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, এপ্রিল মাস থেকে তাপপ্রবাহের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন, বুধবার সেই তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, মাত্র এক রাতের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ বৃহত্তর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।

জানুয়ারি মাসেই রোদের এমন তেজ দেখে চিন্তিত আবহাওয়া বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ২০২৬ সালে ‘এল নিনো’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব চলতি বছর থেকেই পড়তে পারে। এর জেরে ২০২৬ সাল উষ্ণতম বছরগুলির অন্যতম হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে হয়ে উঠবে। উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিংয়ের আবহাওয়া থাকবে বেশ মনোরম। কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও সামগ্রিকভাবে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত নেই।

দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Related Articles