শিয়ালদহে রেললাইনের নীচে ধস, ফাটল জলের পাইপে!
রেল সূত্রে খবর, রবিবার থেকেই ওই পুরনো নিকাশি নালায় ধস নামতে শুরু করে।
Truth of Bengal: টালার পর এবার নতুন বিপত্তি শিয়ালদহে। রেললাইনের ঠিক নীচে পুরনো নিকাশি নালায় ধস নামায় ফেটে গিয়েছে জলের পাইপের একাংশ। সোমবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার স্টেশন থেকে বেরনোর মুখে এই সমস্যা ধরা পড়ে। তবে এখনও পর্যন্ত ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।
রেল সূত্রে খবর, রবিবার থেকেই ওই পুরনো নিকাশি নালায় ধস নামতে শুরু করে। সোমবার পরিস্থিতি আরও খারাপ হয়। এরপরই দ্রুত মেরামতির কাজে নামেন রেলকর্মীরা। মঙ্গলবার সকালেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এই কাজে কলকাতা পুরসভার কর্মীরাও সহযোগিতা করছেন।
রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষতিগ্রস্ত অংশটি মেন লাইনে নয়, লুপ লাইনে। তাই মেরামতির কাজের জন্য আপাতত ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা নেই। মঙ্গলবার সকালেও দক্ষিণ শাখায় স্বাভাবিক ছিল ট্রেন পরিষেবা।
তবে শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে রেললাইনের নীচে ধসের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরনো নিকাশি নালায় এই বিপত্তি ঘটে থাকতে পারে। কবে নাগাদ মেরামতির কাজ শেষ হবে, তা এখনও স্পষ্ট করেনি রেল কর্তৃপক্ষ।






