রবিবার বন্ধ থাকবে টালিগঞ্জ-ব্রিজি মেট্রো! শুরু হচ্ছে শহিদ ক্ষুদিরাম স্টেশনে পুনর্নির্মাণের কাজ
২০১০ সালে চালু হওয়া এই স্টেশনের পিলারে ফাটল ও প্ল্যাটফর্ম দেবে যাওয়ার দরুণ আপ ও ডাউন লাইনের ট্রেনগুলি এতদিন ব্রিজি বা শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাতায়াত করছিল।
Truth of Bengal: কলকাতা মেট্রোয় জরুরি রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো নির্মাণ এবং চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজের জেরে চলতি সপ্তাহান্তে শহরবাসীর যাতায়াতে বড়সড় বদল আসতে চলেছে। শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেন ঘোরানোর স্থায়ী পরিকাঠামো তৈরি এবং জরুরি মেরামতির কারণে আগামিকাল, ১৭ মে (রবিবার) শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত, বিপজ্জনক পরিস্থিতির কারণে ২০২৫ সালের ২৮ জুলাই থেকেই প্রান্তিক স্টেশন নিউ গড়িয়া (কবি সুভাষ)-এ মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ২০১০ সালে চালু হওয়া এই স্টেশনের পিলারে ফাটল ও প্ল্যাটফর্ম দেবে যাওয়ার দরুণ আপ ও ডাউন লাইনের ট্রেনগুলি এতদিন ব্রিজি বা শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাতায়াত করছিল। এবার নিউ গড়িয়া স্টেশনটি পুরোপুরি ভেঙে নতুন করে গড়তে শহিদ ক্ষুদিরামে ক্রশ-ওভার বা রেক ঘোরানোর স্থায়ী পরিকাঠামো গড়ার কাজ রবিবারই সারা হবে, যার জেরে একদিনের জন্য টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো মিলবে না। তবে টালিগঞ্জ থেকে দমদম ও দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। এই নতুন পরিকাঠামো তৈরির পর নিউ গড়িয়া স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে, যা শেষ হতে অন্তত ৬ মাস সময় লাগবে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর।
মেট্রো পরিষেবার পাশাপাশি উইকএন্ডে বাইপাসের ট্রাফিকেও বড়সড় নিয়্ন্ত্রণ চাপানো হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠন হতেই দীর্ঘদিনের আটকে থাকা নিউ গড়িয়া-এয়ারপোর্ট লাইনের চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কেটেছে। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভায়াডাক্ট বা রুট জোড়ার সেই অতিগুরুত্বপূর্ণ কাজ। এই কাজের সুবিধার্থে কলকাতা পুলিশের তরফে দুই সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফার কাজ গত ১৫ মে (শুক্রবার) রাত ৮টা থেকে শুরু হয়েছে, যা আগামী ১৮ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা চলবে। এই সময়ে বাইপাসে উত্তরমুখী যান চলাচল আংশিক বন্ধ রেখে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ঠিক একইভাবে, আগামী সপ্তাহের ২২ মে (শুক্রবার) রাত ৮টা থেকে ২৫ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় দফার ৬০ ঘণ্টার কাজ চলবে। সেই সময়ে বাইপাসের দক্ষিণমুখী লেনে গাড়ি চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে। মেট্রো ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের এই ক’দিন বিকল্প রুট ব্যবহার করার এবং কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর অনুরোধ জানানো হয়েছে। চিংড়িঘাটার জট কেটে কাজ শুরু হওয়ায় যেমন একদিকে যাতায়াতে সাময়িক ভোগান্তি হচ্ছে, তেমনই এয়ারপোর্ট মেট্রো রুট দ্রুত চালু হওয়ার আশায় খুশি সাধারণ মানুষ।






