কলকাতা

যোগ্যতার ভিত্তিতে রেজাল্ট হোক, পরীক্ষা দিয়ে দাবি রাজন্যার

পাশাপাশি তিনি এটাও জানান যে কিছু দৃশ্য দেখে তাঁর চোখে জল এসেছিল।

Truth Of Bengal: প্রথম দফার মতো এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষাও শেষ হল শান্তিপূর্ণভাবে। এদিনও অজস্র পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিনরাজ্য থেকেও অনেকে পরীক্ষা দিয়েছেন। রবিবারের পরীক্ষা নিয়ে নিজের মতামত জানালেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। তাঁর বক্তব্য, স্বচ্ছতার ব্যাপারে তিনি আশা রাখছেন। পাশাপাশি তিনি এটাও জানান যে কিছু দৃশ্য দেখে তাঁর চোখে জল এসেছিল।

সংবাদমাধ্যমের সামনে রাজন্যা হালদার বলেন, “আগের দিনও আমি পরীক্ষা দিয়েছি। দেখলাম মা লাইনে দাঁড়িয়ে এবং বাবার কোলে সন্তান। তা দেখে সত্যিই আমার চোখে জল এসে গেছিল। আমরা যারা সাধারন ডিগ্রি কোর্স করেছি, তারা তো পড়াশোনা করিনি এটা দেখবো বলে। সেটা যেন না হয় আগামী দিনে এই পরীক্ষার রেজাল্টে।”

তিনি আরও বলেন, “আমার মেরিট উত্তর দেবে আমি চান্স পাই কি না পাই। কিন্তু পরীক্ষার্থীদের যোগ্যতার উপর নির্ভর করে এই পরীক্ষার রেজাল্ট হোক আমি চাই। হোক স্বচ্ছতার উপর নির্ভর করে।” এরপর স্বচ্ছতা নিয়ে রাজন্যা বলেন, “চেষ্টা করছি আশা রাখার। প্রায় আড়াই লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে এদিন। চাকরির জন্য পরীক্ষা দিতে এসেছি, শিক্ষকগত যোগ্যতা পরিমাপের জন্য নয়।”

উল্লেখ্য, এদিন পরীক্ষা শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের নিজের অবস্থান জানিয়েছেন। তাঁর বক্তব্য, বিনা বাধায় পরীক্ষা শেষ হয়েছে এবং মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করেন যে তা নিয়ে কারো সমস্যা থাকলে জানাতে হবে ওয়েবসাইটে। এছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পরীক্ষার্থী আসা নিয়ে তিনি ডবল ইঞ্জিন সরকারকে খোঁচাও দেন।

Related Articles