যুবভারতীকাণ্ডে ছ’টি সংস্থার প্রতিনিধিকে তলব, হাজিরা বাধ্যতামূলক শতদ্রুর সংস্থার কর্তাদেরও
তবে সল্টলেক স্টেডিয়ামে তার অনুষ্ঠান মাত্র ১৬ মিনিটের মধ্যে বিশৃঙ্খলায় শেষ হয়।
Truth Of Bengal: সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে লিয়োনেল মেসির অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেট ছ’জনকে তলব করেছে। তারা ছ’টি পৃথক সংস্থার প্রতিনিধিত্ব করছেন। খবর অনুযায়ী, শতদ্রু দত্তের সংস্থার কর্তারাও এই তালিকায় রয়েছে। মঙ্গলবার তাদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে। মেসির কলকাতা এবং ভারতের অন্যান্য শহরের সফরের প্রধান আয়োজক ছিলেন শতদ্রু।
শনিবার কলকাতায় আসেন আর্জেন্টাইন তারকা মেসি। তবে সল্টলেক স্টেডিয়ামে তার অনুষ্ঠান মাত্র ১৬ মিনিটের মধ্যে বিশৃঙ্খলায় শেষ হয়। অভিযোগ, গ্যালারির ভিড়ের কারণে মেসিকে ঠিকভাবে দেখা যায়নি। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন শতাধিক মানুষ, যার মধ্যে নেতা-মন্ত্রী, আয়োজক কর্মকর্তারা এবং ফটোগ্রাফাররা ছিলেন।
মেসি সঙ্গে ছিলেন সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। ভিড়ের ধাক্কাধাক্কিতে সুয়ারেজের পেটে কনুই লাগে এবং ডি’পলের হাতে নখের আঁচড় পড়ে। অত্যন্ত অস্বস্তির মধ্যেই তাঁরা মাঠ ছাড়েন। নিরাপত্তারক্ষীরা মেসিকে মাঠ থেকে বের করেন। এরপর ক্রুদ্ধ জনতা যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালায়, চেয়ার উপড়ে ছোড়া হয় এবং হাজারো মানুষ মাঠের ভিতরে ঢুকে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এক ঘণ্টার বেশি সময় লেগেছিল।
ঘটনার দিনই শতদ্রু মেসির সঙ্গে হায়দরাবাদে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে তাকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। রবিবার বিধাননগর মহকুমা আদালত শতদ্রুর জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।



