কলকাতা

ডান হাতে গীতা, মুখে মাস্ক! মেসি-কাণ্ডে ধৃত আদালত হাজিরা শতদ্রু দত্তর

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি-কাণ্ডে শতদ্রুকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর পুলিশ।

Truth Of Bengal: কালো সোয়েট শার্ট ও ট্রাউজ়ার্স পরিহিত, মুখে সাদা মাস্ক, মাথায় কালো টুপি এবং ডান হাতে গীতা নিয়ে বিধানগর মহকুমা আদালতে হাজিরা দেন মেসিকাণ্ডে ধৃত শতদ্রু দত্ত। আদালতে প্রবেশের সময় তিনি একটি কথাও বলেননি।

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি-কাণ্ডে শতদ্রুকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর পুলিশ। একই সঙ্গে অনুষ্ঠানের অনলাইনে টিকিট বিক্রির সংস্থার এক শীর্ষ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের হাতে শতদ্রুর তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া, গ্রেফতারির পর রিষড়ায় তার বাসভবনে তল্লাশি চালানো হয়েছে।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি দেখার জন্য দর্শকেরা উত্তেজিত হয়ে স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। প্রশাসন ওই ঘটনায় শতদ্রুকে দায়ী করেছে। বিধাননগর দক্ষিণ থানার হেফাজতে থাকা শতদ্রুকে এর আগে আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর রবিবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।

বর্তমানে যুবভারতীকাণ্ডের তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। তারা খতিয়ে দেখছে অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত লেনদেনের পরিমাণ, মেসিকাণ্ডের আগে ও পরে শতদ্রু কার সঙ্গে যোগাযোগে ছিলেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য।