দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি? উপকূলীয় জেলাগুলিতে জারি সতর্কতা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু
Truth Of Bengal: ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে! বিভিন্ন জেলার আকাশ আবারও মেঘে ঢেকেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। এর ফলে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ কর্কটের চাপ, সিংহের সুনাম, তুলার লাভ, আজকের ১২ রাশির পূর্বাভাস
আগামী বুধবার, ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব বেশি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম—এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে কোন সাধারণ মানুষের ক্ষতি না হয়, তার জন্য বাড়ি থেকে বেরনো বা খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই।






