
The Truth of Bengal: নিক্কো পার্কের সামনে উড়ালপথের কাজ শুরু হল। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই মেট্রোর নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তার আগে এটি গুরুত্বপূর্ণ কাজ। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে নলবন স্টেশনের ঠিক আগে ওই অংশের মেট্রোপথ তৈরির কাজ। এমনটাই আশাবাদী কর্তৃপক্ষ। মেট্রোর কাজের জন্য রাস্তার মাঝে প্রায় ১০ মিটারের পরিসর প্রয়োজন হয়। এই বিষয়টি মাথায় রেখে ভারী যন্ত্রপাতি এবং ক্রেন নিয়ে যাওয়ার পথ করেই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
রাস্তার পরিসর আড়াই মিটার চওড়া করতে হয়েছে প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম লিমিটেডকে। কাজ শেষ হলে আবার ওই উদ্যান ফিরিয়ে আনা হবে। এমনটাই দাবি মেট্রো কর্তৃপক্ষের। প্রয়োজন অনুযায়ী সাময়িক ভাবে বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় দীর্ঘদিন ওই মেট্রোপথে স্তম্ভের উপরে কংক্রিটের পাটাতনের অংশ স্থাপনের কাজ করা যায়নি।
চলতি মাসে বিকল্প পথে যান চলাচলে সম্মতি দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। নিক্কো পার্ক সংলগ্ন অংশে রাস্তার এক দিকে রয়েছে খাল। অন্য প্রান্তে রয়েছে পার্ক। কংক্রিটের ভারী খণ্ড মেট্রোর স্তম্ভের উপরে বসানোর জন্য রাস্তার মাঝের অংশে যে বাগান ছিল, তা নষ্ট হয়েছে। সৌন্দর্যায়নের জন্য বসানো গাছপালা কেটে ফেলতে হয়েছে।






