কলকাতা

আদালতের নির্দেশে গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটে কড়া নজরদারি প্রশাসনের

গ্যালিফ স্ট্রিটের এই হাটে প্রতি রবিবার ভোর থেকেই ভিড় জমে।

Truth of Bengal: হাতিবাগানের গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটে সংরক্ষিত বন্যপ্রাণী ও পাখি বিক্রি করা যাবে না। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর রবিবার সকাল থেকেই হাটে নজরদারি শুরু করেছে কলকাতা পুলিশ ও শুল্ক দফতর। বাজারের বিভিন্ন জায়গায় নির্দেশিকা সংক্রান্ত ব্যানারও টাঙানো হয়েছে। গত বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এই হাটে সংরক্ষিত বন্যপ্রাণী বা পাখি বিক্রি করা যাবে না। আদালতের নির্দেশ কার্যকর করতেই রবিবার সকালে আধিকারিকরা হাটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি হাটের প্রত্যেক ব্যবসায়ীর কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

গ্যালিফ স্ট্রিটের এই হাটে প্রতি রবিবার ভোর থেকেই ভিড় জমে। মাছ, পাখি, গাছপালা থেকে শুরু করে বিভিন্ন পোষ্য ও পশুপাখির আনাগোনা থাকে এখানে। তবে আদালতের নির্দেশের পর বেআইনি প্রাণী ও পাখি বিক্রি বন্ধ করতেই নজরদারি জোরদার করা হয়েছে।

হাটের ব্যবসায়ী সমিতির এক সদস্যের দাবি, প্রায় ৭০০ জন এখানে ব্যবসা করেন। তাঁদের অনেকের এখনও ট্রেড লাইসেন্স নেই। পুলিশের তরফে জানানো হয়েছে, লাইসেন্স না হওয়া পর্যন্ত তাঁদের হাটে বসা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করবেন।

এদিকে, বেআইনি কেনাবেচা রুখতে সকাল থেকেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়। ফলে আদালতের নির্দেশের পর গ্যালিফ স্ট্রিটের রবিবারের হাটে প্রশাসনিক নজরদারি এখন আগের তুলনায় অনেকটাই কড়া।