কলকাতা

রবিবার সকালে ইডি-র জোড়া হানা! কলকাতা পুলিশের ডিসি-র বাড়িতে কেন্দ্রীয় সংস্থা

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বালিগঞ্জের বহুল চর্চিত 'সোনা পাপ্পু' মামলার সূত্র ধরেই এই জোড়া হানা।

Truth Of Bengal: রবিবার সাতসকালেই কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র জোরালো তৎপরতা শুরু হয়েছে। এদিন সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বেহালার এক প্রভাবশালী ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও তল্লাশি অভিযানে নেমেছে ইডি-র আরেকটি দল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বালিগঞ্জের বহুল চর্চিত ‘সোনা পাপ্পু’ মামলার সূত্র ধরেই এই জোড়া হানা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই মামলার মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও অধরা, যা নিয়ে তদন্তের জাল ক্রমশ বিস্তার করছে কেন্দ্রীয় সংস্থা।

তদন্তকারী সূত্রের খবর, সোনা পাপ্পু মামলায় এর আগে এক আইপিএস আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ কিছু ক্লু মেলে। সেই তথ্যের ভিত্তিতেই এবার খোদ ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে পৌঁছে আধিকারিকরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে কেউ দরজা খোলেননি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে দরজা খোলা হলে ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন আধিকারিকরা।

ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার এই অতি-সক্রিয়তা নিয়ে ইতিমদ্ধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের বাড়িতে হানা দিচ্ছে ইডি। তবে শাসকদলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সংস্থা তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, যা নিয়ে শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles