কলকাতা

ডিজেল সরবরাহ নিয়ে জট কাটল বাংলায়! বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পেতে চলেছেন কৃষক, হাসপাতাল, জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা, খাদ্য সরবরাহ ব্যবস্থা, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং চা বাগানের সঙ্গে যুক্ত মানুষজন

Truth of Bengal: কন্টেনার বা পাত্রে ডিজেল কিনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর আগের মতো কড়াকড়ি থাকছে না। জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় ক্ষেত্রগুলির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সম্প্রতি কন্টেনার বা ব্যারেলে ডিজেল কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এবার সেই নিয়ম বাংলায় কিছুটা শিথিল করা হল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পেতে চলেছেন কৃষক, হাসপাতাল, জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা, খাদ্য সরবরাহ ব্যবস্থা, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং চা বাগানের সঙ্গে যুক্ত মানুষজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য কন্টেনার বা ব্যারেলে ডিজেল কেনার উপর আর নিষেধাজ্ঞা থাকছে না।

 

সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি যাতে কোনও বাধা ছাড়াই স্বাভাবিকভাবে চলতে পারে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে কৃষক, হাসপাতাল এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাগুলি সমস্যায় পড়ছিল বলে জানান তিনি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্তরে একাধিক বিধিনিষেধ জারি হয়েছিল। পাত্রে ডিজেল কেনার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তেল সংস্থাগুলি থেকে প্রতিদিন কতটা জ্বালানি নেওয়া যাবে, সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই নিয়মের ফলে জরুরি ক্ষেত্রগুলিতে সমস্যা তৈরি হচ্ছিল বলে দাবি রাজ্যের।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রধান তেল কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে জ্বালানি বিধিনিষেধের আওতা থেকে ছাড় দিতে হবে। ফলে এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা ও গ্রাহকেরা এখন থেকে কন্টেনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, জরুরি ক্ষেত্রগুলির ক্ষেত্রে প্রতিদিন ডিজেল সরবরাহের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল, সেটিও শিথিল করা হয়েছে। পাম্প থেকে নির্ঝঞ্ঝাটভাবে ডিজেল পেতে গ্রাহকদের শুধুমাত্র প্রাথমিক পরিচয়পত্র দেখালেই চলবে বলে জানানো হয়েছে। জ্বালানি সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ যাতে আতঙ্কে অতিরিক্ত তেল মজুত করতে না পারেন, সেই কারণেই আগে পাত্রে ডিজেল কেনার উপর সাময়িক বিধিনিষেধ জারি হয়েছিল। তবে জরুরি পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই এবার ডিজেল কেনার নিয়মে ছাড় দিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে কৃষি, স্বাস্থ্য এবং জনপরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে।