কলকাতা

বঙ্গে বর্ষার বিদায়, হাওয়ায় শীতের সুর!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা আর ফিরছে না।

Truth Of Bengal: বঙ্গে এবার বর্ষা বিদায় নিয়েছে। ভোরের দিকে একটু হালকা শিরশিরে ঠান্ডা অনুভব হচ্ছে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে। তবে রোদের তাপ এখনও যথেষ্ট প্রখর, দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা আর ফিরছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উপকূলবর্তী কিছু জেলায় সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতার পরিমাণ কিছুটা বাড়বে। তবে পরিস্থিতি খুব একটা অস্বস্তিকর হবে না বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে উত্তরের হাওয়ার প্রভাব স্পষ্ট, ফলে সকালে ও রাতে হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।

আজকের দিনে আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উপকূলবর্তী কিছু এলাকায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘমুক্ত থাকবে এবং দিনে রোদ ঝলমলে পরিবেশ বজায় থাকবে। যদিও এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি, তবে সকালবেলা শীতের একটা হালকা আমেজ অনুভূত হচ্ছে।

Related Articles