আন্তর্জাতিক

নোবেলের আকাঙ্ক্ষায় ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট, ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডেমোক্র্যাটিক নেতার

প্রসঙ্গত, পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট প্রায় নিয়মিত দাবি করে বেড়াতেন যে বিশ্বের একাধিক যুদ্ধ তিনি থামিয়েছেন।

Truth Of Bengal:  নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য কম চেষ্টা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ গোটা হোয়াইট হাউস। কিন্তু শেষ পর্যন্ত সেটি যায়নি তাঁর ঝুলিতে। এবার এই বিষয়ে বিস্ফোরক দাবি করলেন ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতা রহম ইমানুয়েল। কী বললেন তিনি? তাঁর দাবি, এই পুরস্কারের আকাঙ্ক্ষায় মার্কিন প্রেসিডেন্ট সম্পর্ক খারাপ করেছেন ভারতের সঙ্গে। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে পাকিস্তানের প্রতি নরম মনোভাব দেখানোর আসল কারণ ছিল এটিই।

এক সাক্ষাৎকারে ইমানুয়েল জানান, “ট্রাম্প নিজের হাতে নষ্ট করেছেন ভারতের সঙ্গে ৪০ বছরের পুরনো সম্পর্ক।” মার্কিন প্রেসিডেন্টের রাগ কি নিয়ে, তাও তুলে ধরেন ইমানুয়েল। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু বলবেন না যে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য যুদ্ধবিরতি করানোর জন্য, সেই কারণে উনি সবটা বরবাদ করে দিয়েছেন।” পাশাপাশি, তিনি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করার অভিযোগও তোলেন পাকিস্তানি লেনদেন থেকে আর্থিক লাভের কারণে।

প্রসঙ্গত, পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট প্রায় নিয়মিত দাবি করে বেড়াতেন যে বিশ্বের একাধিক যুদ্ধ তিনি থামিয়েছেন। এমনকি হোয়াইট হাউসের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয় যাতে তিনি পুরস্কারটি পান। কিন্তু শেষ পর্যন্ত তা যায় ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর ঝুলিতে। এরপরই হোয়াইট হাউসের তরফ থেকে কমিটির বিরুদ্ধে রাজনীতিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তোলা হয়। যদিও নরওয়ে নোবেল কমিটির তরফ থেকেও পরিষ্কার করে দেওয়া হয় যে কেন ট্রাম্পকে পুরস্কার দেওয়া হয়নি তাদের তরফ থেকে। ট্রাম্প নিজেও স্বীকার করেন যে পুরস্কার না পেয়েও তিনি খুশি।

Related Articles