রবিবার ভবানী ভবনে মেগা থ্রিলার! মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অভিষেক-কুণালকে
‘সই জাল’ মামলার তদন্তে রবিবার সিআইডি সদর দফতর ভবানী ভবনে দু’জনকেই তলব করা হয়েছে।
Truth of Bengal: রাজনৈতিক প্রেক্ষাপটে চরম নাটকীয়তার সাক্ষী হতে চলেছে বাংলা। রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করার পর থেকেই রাজ্য রাজনীতিতে প্রতিনিয়ত পারদ চড়ছে। এবার সেই উত্তাপের কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রধান মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। ‘সই জাল’ মামলার তদন্তে রবিবার সিআইডি সদর দফতর ভবানী ভবনে দু’জনকেই তলব করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে রবিবারই তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে, যা কার্যত কোনও থ্রিলার সিনেমার চেয়ে কম নয়।
সিআইডি সূত্রে জানা গেছে, এই সই জাল জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্যতম অভিযুক্ত হিসেবে রবিবার ফের তলব করা হয়েছে। এর আগে বৃহস্পতিবারও তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। অন্যদিকে, এই মামলার সাক্ষী হিসেবে কুণাল ঘোষকে রবিবার বিকেলের দিকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। গত শুক্রবারই সিআইডির এক আধিকারিক কুণালবাবুর বাড়ি গিয়ে তাঁর হাতে সমন দিয়ে আসেন। অবশ্য এই মুখোমুখি জেরার সম্ভাবনা নিয়ে কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
তদন্তকারী আধিকারিকদের মূল নজর এখন তিনটি সুনির্দিষ্ট প্রশ্নের দিকে। প্রথমত, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য রেজোলিউশন ঠিক কবে হয়েছিল—৬ মে নাকি ১৯ মে? দ্বিতীয়ত, সেই বৈঠকের কার্যবিবরণী বা আসল মিনিটস বুকটি বর্তমানে কোথায় রয়েছে? এবং তৃতীয়ত, যে সমস্ত বিধায়করা দাবি করছেন তাঁদের সই নকল করা হয়েছে, আদতে তাঁদের হয়ে সইগুলো কারা করেছিল? সিআইডির দাবি, গত দফার জিজ্ঞাসাবাদে অভিষেকের কাছ থেকে এই প্রশ্নগুলির কোনও সদুত্তর বা স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই তদন্তে সিআইডি-কে সব রকম সহযোগিতা করার কথা অভিষেকের, এবং তা করলেই তাঁর আইনি রক্ষাকবচ বজায় থাকবে। তবে সিআইডি সূত্রের খবর, অভিষেক হাজিরা দিলেও তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন না এবং বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, অতীতে অসহযোগিতার এই একই অভিযোগ তুলে পার্থ চট্টোপাধ্যায় কিংবা জ্যোতিপ্রিয় মল্লিকদের গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার সিআইডি-র এই সই জাল মামলার জল কতদূর গড়ায় এবং রবিবার ভবানী ভবনে কী ঘটে, সেদিকেই নজর গোটা রাজ্যের।





