কলকাতা

১ আগস্ট থেকে বাংলায় শুরু হচ্ছে জনগণনা! নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের বাসিন্দারা নিজেরাই অনলাইনে তথ্য জমা করতে পারবেন।

Truth of Bengal: জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে বৈঠকের পর তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জনগণনা প্রক্রিয়া। চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের বাসিন্দারা নিজেরাই অনলাইনে তথ্য জমা করতে পারবেন।

অর্থাৎ থাকছে ‘সেলফ এনুমারেশন’ ব্যবস্থা। নির্দিষ্ট পোর্টালে গিয়ে নাগরিকরা নিজেদের তথ্য আপলোড করতে পারবেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। পূর্বতন সরকারের গোঁয়ার্তুমির জন্য আমরা এতদিন পিছিয়ে পড়েছিলাম। এবার সেই প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাতে জনগণনা অত্যন্ত জরুরি। এর সঙ্গে রাজনীতি বা ধর্মের কোনও সম্পর্ক নেই।” জনগণনা সংক্রান্ত সাধারণ মানুষের প্রশ্ন ও সমস্যার সমাধানে চালু করা হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বরও। দেশব্যাপী হেল্পলাইন নম্বর ১৮৫৫-এর পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য চালু করা হয়েছে ল্যান্ডলাইন নম্বর ০৩৩-২৩৩৫ ৯৫০৩। এছাড়াও তথ্য জানার জন্য চালু করা হচ্ছে সরকারি ওয়েবসাইট www.westbengal.census.gov.in।