কলকাতা

সল্টলেকে আজ থেকে বাংলার তাঁতের হাট

বিশ্ববাংলা মার্কেটিং কর্পোরেশনের চিফ অপারেটিং অফিসার স্নেহাশিস সরকার জানিয়েছেন, তাদের বিপনীতেও যুগোপযোগী আধুনিক ডিজাইনের বিভিন্ন বস্ত্র সম্ভার ও অন্যান্য সামগ্রী মিলবে।

রাহুল চট্টোপাধ্যায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঐতিহ্যমন্ডিত বাংলার তাঁত শিল্পীদের সৃষ্টির অনন্য সম্ভার নিয়ে আজ থেকে রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতর-এর ব্যবস্থাপনায় সল্টলেকের বই মেলা প্রাঙ্গণে ‘বাংলার তাঁতের হাট’ (Tater Haat) শুরু হচ্ছে। বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র এবং সংশোধন প্রশাসন দফতর-এর মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, উপভোক্তা বিষয়ক মন্ত্রী বিপ্লব মিত্র, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা মন্ত্রী সুজিত বোস, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ বস্ত্র এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, বিধাননগর পৌরনিগম-এর মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে, রাজ্যের বস্ত্র শিল্প অধিকর্তা রাজীব কুমার ঘোষ, তন্তুজ-এর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায়, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সিইও মৃদুল হালদার, পশ্চিমবঙ্গ রেশম শিল্পী সমবায় মহা সংঘ লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা বড়ুয়া সহ অন্যান্যদের।

[আরও পড়ুন: ভাষা সন্ত্রাস নিয়ে অধিবেশনে জোরাল প্রতিবাদ করবেন মুখ্যমন্ত্রী! বিধানসভাতেই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক]

রাজ্যের বস্ত্রশিল্প অধিকর্তা রাজীব কুমার ঘোষ জানিয়েছেন, বাংলার তাঁতের হাটে (Tater Haat) অংশ নিচ্ছেন ৬৬ টি প্রাথমিক তন্তুবায়ী সমবায় সমিতি, ১০ টি হ্যান্ডলুম ক্লাস্টার, ১১ টি স্বনির্ভর গোষ্ঠী, দুটি হ্যান্ডলুম কোম্পানি, ১০০ জন শিল্পী ও ৯৮ জন তাঁতি।
এছাড়াও তাদের শাড়ি, ড্রেস মেটেরিয়াল, পোশাকের বিশাল সম্ভার নিয়ে হাজির থাকছে তন্তুজ, বাংলার শাড়ি, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, বঙ্গশ্রী, মঞ্জুষা, পশ্চিমবঙ্গ রেশম শিল্পী সমবায় মহাসংঘ লিমিটেড, বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন সহ একাধিক সরকারি সংস্থা। মেলা উপলক্ষে বিভিন্ন আলোচনা চক্রও অনুষ্ঠিত হবে বিভিন্ন দিনে। মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। সকলের জন্য খোলা থাকবে রোজ বেলা একটা থেকে রাত নটা। তন্তুজ-এর এর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন তারা অত্যাধুনিক নতুন ডিজাইনের বিশাল বস্ত্র ও পোশাকের সম্ভার নিয়ে হাজির থাকছেন।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার জানিয়েছেন, আধুনিক ডিজাইনের খাদির পোশাক পাওয়া যাবে খাদির বিপণী গুলিতে। পশ্চিমবঙ্গ রেশম শিল্পী সমবায় মহাসংঘ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা বড়ুয়া জানিয়েছেন রেশম শিল্পীর পক্ষ থেকে গ্রাহকদের পছন্দসই অত্যাধুনিক ডিজাইনের ঐতিহ্যবাহী গরদ, তসর, সিল্কের বিভিন্ন ছাপা শাড়ি সহ অন্যান্য পোশাক সামগ্রী তাদের স্টলে পাওয়া যাবে। বিশ্ববাংলা মার্কেটিং কর্পোরেশনের চিফ অপারেটিং অফিসার স্নেহাশিস সরকার জানিয়েছেন, তাদের বিপনীতেও যুগোপযোগী আধুনিক ডিজাইনের বিভিন্ন বস্ত্র সম্ভার ও অন্যান্য সামগ্রী মিলবে।

[আরও পড়ুন: সৌভাগ্য আজ আকাশচুম্বী! কী বার্তা দিচ্ছে বৃহস্পতিবারের রাশিফল]

বিশ্ব বাংলার চিফ ম্যানেজার প্রোডাক্টস্ রীতা সোম জানান, তাদের স্টলে সিল্ক ও সুতিতে হাতে বোনা টাঙ্গাইল, জামদানি, বেগমপুরি,ধনেখালি, শান্তিপুরী, দোখনা, বাটিক ও প্রিন্টেড শাড়ি, তাঁতের বোনা সুতির জামদানি কামিজ, প্রিন্টেড জামা, সুতির ফতুয়া, ডিজাইনার বেড কভার, কুশন কভার এর পাশাপাশি ফার্স্ট ও সেকেন্ড ফ্লাশ এর দার্জিলিং চা, চিতপুরের আতর, সুন্দরবনের হলুদ ও মধু, বিভিন্ন সুগন্ধি চাল, কালিম্পং এর কফি, খাটি ঘি সহ আরও বিভিন্ন সামগ্রী মিলবে সুলভ মূল্যে আকর্ষণীয় ছাড় সহ (Tater Haat)।