Kunal Ghosh: অন্তঃসত্ত্বা বধূকে বাংলাদেশে ‘পুশব্যাক’ মামলায় হাইকোর্টের রায়ের পর বিজেপিকে তোপ কুণালের
বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ফিরিয়ে আনার জন্য হাইকোর্টের রায়ের পর কুণাল ঘোষ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছেন
Truth of Bengal: অন্তঃসত্ত্বা বধূ সোনালি বিবি-সহ তাঁর পরিবারকে ‘বাংলাদেশি’ সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করার কেন্দ্রীয় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বাতিল করার পরই বিজেপিকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। শাসকদলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে বিজেপি ‘বাংলা বিরোধী’, ‘মায়েদের বিরোধী’ এবং ‘নারী বিরোধী‘। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ফিরিয়ে আনার জন্য হাইকোর্টের রায়ের পর কুণাল ঘোষ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছেন (Kunal Ghosh)।
হাইকোর্টের রায়কে হাতিয়ার করে কুণাল ঘোষের তোপ, শাহের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি pic.twitter.com/xYcqbfGlh8
— TOB DIGITAL (@DigitalTob) September 26, 2025
কুণাল ঘোষ বলেন, “অমিত শাহ কলকাতায় আছেন। এক মাকে অপবাদ দিয়ে, শুধুমাত্র বাংলা বলার জন্য বিদেশি বলে পাঠিয়ে দিচ্ছে আপনার সরকার, এজেন্সি। প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চান অমিত শাহ। বিজেপি ক্ষমা চাক।” তৃণমূলের এই নেতা আরও দাবি করেন যে হাইকোর্টের রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিজেপি সরকার অমানবিক কাজ করছিল। তিনি বলেন, “ওরা (বিজেপি) বাংলা বিরোধী, মায়েদের বিরোধী, নারী বিরোধী। মানুষের কাছে ক্ষমা চান (Kunal Ghosh)।”
শাসকদলের অভিযোগ, মূলত বিজেপিশাসিত রাজ্যগুলিতে শুধুমাত্র বাংলা কথা বলার অপরাধে বাংলার বাসিন্দাদের ‘হ্যারাস’ করা হচ্ছে। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, “বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা বারংবার বলছিলেন তিনি বাংলাদেশি নন। তারপরও ওকে বাংলাদেশে পাঠানো হয়। মহিলার মানসিক ও শারীরিক ক্ষতির দায় কে নেবে?” তিনি আরও বলেন যে আদালতের এই রায় প্রমাণ করে দিয়েছে যে বাঙালি দেখলে ‘বিদেশি’ বলে দাগিয়ে দেওয়ার এই প্রবণতা সম্পূর্ণ ভুল।
অনুপ্রবেশের বিষয়ে কেন্দ্রের কঠোর অবস্থানের সমালোচনা করে কুণাল ঘোষ বলেন, “অনুপ্রবেশ আটকাক না কে বারণ করেছে। সীমান্ত পাহাড়া দেয় বিএসএফ। ওটা কেন্দ্রের নিয়ন্ত্রণে। আইন বদল করে বিএসএফের এলাকা ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার করা হয়েছে। আর অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে।” এর মাধ্যমে তিনি কার্যত অনুপ্রবেশ নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় কেন্দ্রের উপর চাপিয়ে দেন (Kunal Ghosh)।






