Office Dating Trends: কর্মক্ষেত্রেই প্রেম! অফিস কলিগকে ডেটিংয়ে শীর্ষে এগিয়ে কোন দেশ জানেন?
'অ্যাশলি ম্যাডিসন' নামক একটি সংস্থার করা গবেষণায় এই তথ্য উঠে এসেছে, যা ইউগভের সহযোগিতায় বিশ্বের ১১টি দেশে পরিচালিত হয়।
Truth of Bengal: আধুনিক কর্মসংস্কৃতিতে কর্মক্ষেত্রে দিনের অনেকটা সময় কাটানো এখন ‘নিউ নর্মাল’। কাজের চাপ, আড্ডা, গল্প, হাসি-ঠাট্টার মাঝে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়াটা আর অস্বাভাবিক নয়। সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, অফিস কলিগকে ডেটিং করার এই প্রবণতা বিশ্বজুড়েই বাড়ছে, আর এই ট্রেন্ডে ভারত রয়েছে একদম সামনের সারিতে। ‘অ্যাশলি ম্যাডিসন’ নামক একটি সংস্থার করা গবেষণায় এই তথ্য উঠে এসেছে, যা ইউগভের সহযোগিতায় বিশ্বের ১১টি দেশে পরিচালিত হয়। অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, ইতালি, মেক্সিকো, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র—এই দেশগুলির ১৩,৫৮১ জন প্রাপ্তবয়স্ক এই সমীক্ষায় অংশ নেন।
অফিস কলিগকে ডেট করার এই তালিকার শীর্ষে রয়েছে মেক্সিকো (৪৩ শতাংশ)। দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত, যেখানে প্রায় ৪০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তাঁরা কোনো সহকর্মীর সঙ্গে ডেট করেছেন বা বর্তমানে ডেট করছেন।তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো পশ্চিমা দেশগুলিতে এই হার কম, প্রায় ৩০ শতাংশ। সমীক্ষায় স্পষ্ট যে ভারতীয় কর্মক্ষেত্রে রোম্যান্টিক সম্পর্ক স্থাপন কোনো অস্বাভাবিক বিষয় নয়, যদিও অফিস কর্তৃপক্ষ প্রায়শই পেশাগত সীমারেখা বজায় রাখতে চায়। ডেটিং প্রবণতায় পুরুষেরা নারীদের তুলনায় অনেক বেশি এগিয়ে। ৫১ শতাংশ পুরুষ সহকর্মীর সঙ্গে ডেট করার কথা স্বীকার করেছেন, যেখানে নারীর ক্ষেত্রে এই সংখ্যাটা ৩৬ শতাংশ। কর্মক্ষেত্রে সম্পর্কে জড়ানোর বিষয়ে নারীরা পেশাগত ক্ষতির আশঙ্কায় বেশি সতর্ক থাকেন। ২৯ শতাংশ নারী জানিয়েছেন যে কর্মজীবনের উপর প্রভাব পড়ার ভয়ে তাঁরা এমন সম্পর্ক থেকে দূরে থেকেছেন। পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল ২৭ শতাংশ। ১৮ থেকে ২৪ বছর বয়সিরা সবচেয়ে বেশি সতর্ক থাকেন। তাঁদের ৩৪ শতাংশ মনে করেন, সহকর্মীর সঙ্গে সম্পর্ক তাঁদের কর্মজীবনের ক্ষতি করতে পারে।
এই একই প্রবণতার সঙ্গে ভারতে ‘ওপেন ম্যারেজ’ বা উন্মুক্ত সম্পর্কের প্রতি গ্রহণযোগ্যতাও বাড়ছে। ‘গ্লিডেন’ নামক একটি এক্সট্রা-ম্যারিটাল ডেটিং অ্যাপের সমীক্ষায় দেখা গেছে: ভারতের ৩৫ শতাংশ মানুষ বর্তমানে ওপেন রিলেশনশিপ পছন্দ করেন। অন্যদিকে, ৪১ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁদের সঙ্গী আগ্রহ দেখালে তাঁরা ওপেন রিলেশনশিপ নিয়ে বিবেচনা করতে পারেন। এই প্রবণতা বর্তমানে শুধুমাত্র মেট্রো শহরগুলিতে সীমাবদ্ধ নয়, ছোট শহরগুলিতেও সমানভাবে বৃদ্ধি পাচ্ছে।






