ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নয়া পন্থা অবলম্বনের ঘোষণা হিজবুল্লার
Hizbullah announced a new approach in the war against Israel

Bangla Jago Desk: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা বলেছে, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নতুন এক অধ্যায় শুরু করছে তারা। হিজবুল্লার দাবি, তারা প্রথমবারের মতো ইজরায়েলি সেনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। বৃহস্পতিবার ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে তারা। এরপরই বিবৃতিটি দিয়েছে হিজবুল্লা। সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লার মিত্র হিসাবে পরিচিত। বিবৃতিতে অবশ্য হামাস প্রধানের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
গত ২৩ সেপ্টেম্বর থেকে ইজরায়েল ও লেবাননের মধ্যে বড় আকারে সংঘাত ছড়িয়ে পড়ে। তখন থেকে লেবাননের দক্ষিণে ও পূর্বে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েল। গত মাসে লেবাননে একটি স্থল অভিযান পরিচালনা করে ইজরায়েলি বাহিনী। আর এর পর থেকে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলিতে দুই পক্ষের মধ্যে কাছাকাছি অবস্থান থেকে লড়াই চলছে।
বৃহস্পতিবার হিজবুল্লার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইজরায়েলি শত্রুপক্ষের সঙ্গে চলমান সংঘাত একটি নতুন এবং ক্রমবর্ধমান অধ্যায়ে রূপান্তরিত হয়েছে বলে ঘোষণা করেছে হিজবুল্লা। আগামী দিনগুলিতে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এ ঘোষণার প্রতিফলন দেখা যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হিজবুল্লা।
সাম্প্রতিক দিনগুলোতে ইজরায়েলের বিরুদ্ধে হামলা বেড়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইজরায়েলের স্থল অভিযান মোকাবিলা করার জন্য শত শত যোদ্ধা সম্পূর্ণ প্রস্তুত। রকেট হামলা দিন দিন বাড়ছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলি প্রথমবারের মতো মোতায়েন করা হয়েছে। উল্লেখ্যো, গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে ইজরায়েলের হামলায় হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন।






