আন্তর্জাতিক

Israeli spies: তিন ‘ইজরায়েলি গুপ্তচর’-কে ফাঁসি দিল ইরান

যুদ্ধবিরতির ঠিক পরের দিনই ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে চরবৃত্তি করার অভিযোগে তিন জনকে ফাঁসি দিল ইরান।

Truth of Bengal: ১২ দিনের ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষের পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইজরায়েল সম্মত হয় যুদ্ধবিরতিতে। মঙ্গলবার ঘোষিত সেই শান্তিচুক্তির পরও থামল না প্রাণহানি। যুদ্ধবিরতির ঠিক পরের দিনই ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে চরবৃত্তি করার অভিযোগে তিন জনকে ফাঁসি দিল ইরান। এই প্রসঙ্গে ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা ‘মিজান’ জানিয়েছে, ওই তিন জনের বিরুদ্ধে মোসাদকে তথ্য সরবরাহ ও এক উচ্চপদস্থ ইরানি আধিকারিককে হত্যা করার উদ্দেশ্যে অস্ত্র পাচারের অভিযোগ ছিল। আদালতের বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরই তাঁদের ফাঁসি দেওয়া হয়। (Israeli spies)

[আরও পড়ুনঃ ED raids: ৯৮৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, দিল্লি ও পঞ্জাবে একাধিক জায়গায় হানা ইডির]

এখানেই শেষ নয়। যুদ্ধবিরতির ছায়ায় ইরান জুড়ে শুরু হয়েছে বিরাট ধরপাকড় অভিযান। ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে জানান হয়েছে, ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে এখনও পর্যন্ত ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে ইরানি প্রশাসন। ইরানে মোসাদের হয়ে কাজ করার অভিযোগে মৃত্যুদণ্ড নতুন নয়। বিগত কয়েক দশক ধরেই এই অভিযোগে একাধিক জনকে প্রাণ হারাতে হয়েছে। তবে এই সাম্প্রতিক ফাঁসি এবং গণগ্রেফতার যুদ্ধবিরতির অব্যবহিত পরেই হওয়ায় আন্তর্জাতিক স্তরে উদ্বেগ আরও বেড়েছে। (Israeli spies)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য, মঙ্গলবার  যুদ্ধবিরতি চুক্তি হলেও তার লঙ্ঘনের অভিযোগে ফের উত্তপ্ত হয়েছে ইরান-ইজরায়েল সম্পর্ক। যুদ্ধবিরতির দিনই ইজরায়েল হামলা চালানোর অভিযোগ করে তেহরান। পাল্টা হামলা চালায় ইরানও। এরপর উভয় দেশ একে অপরকে চুক্তিভঙ্গের জন্য দোষারোপ করে।এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ আমি ইজরায়েলের আচরণে অত্যন্ত বিরক্ত। যুদ্ধবিরতি লঙ্ঘন একেবারেই মেনে নেওয়া যায় না।’ তবে পরে প্রেসিডেন্ট ট্রাম্প আশ্বাস দেন, ‘ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইজরায়েল আর ইরান কেউই আর হামলা করবে না। তাদের সমস্ত যুদ্ধবিমান ফিরে এসেছে।’  তবে বাস্তব পরিস্থিতি যে ভিন্ন, তা ইরান জুড়ে ফাঁসি ও গ্রেফতারের খবরে স্পষ্ট। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে, এই যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকে এবং ভবিষ্যতে দুই শত্রু দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়।

Related Articles