আন্তর্জাতিক

North Carolina: আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় সপরিবারে শেষ জনপ্রিয় রেসিং তারকা

Truth of Bengal: আমেরিকার নর্থ ক্যারোলিনায় একটি ভয়াবহ প্রাইভেট জেট দুর্ঘটনায় একই পরিবারের সদস্যসহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্টেটসভিলে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ল্যান্ডিং করার সময় একটি সেসনা সি-৫৫০ বিজনেস জেটে আগুন ধরে যাওয়ার ফলে এই প্রাণহানি ঘটে বলে জানা গেছে।

স্টেটসভিলে বিমানবন্দরের রানওয়ে থেকে সকাল ১০টা ০৬ মিনিটে বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আকাশে অল্প সময় থাকার পর পুনরায় রানওয়েতে নেমে আসার চেষ্টা করলে সকাল ১০টা ২০ মিনিট নাগাদ সেটিতে আগুন লেগে যায়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই দুর্ঘটনায় আমেরিকার জনপ্রিয় প্রাক্তন ন্যাসকার চালক গ্রেগ বিফলে প্রাণ হারিয়েছেন। তাঁর সঙ্গে ওই বিমানে থাকা তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যাও মারা গেছেন বলে ন্যাসকার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পরিবারটির চার সদস্য ছাড়াও বিমানে থাকা আরও তিন আরোহীর মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

স্টেটসভিলে এয়ারপোর্টের ডিরেক্টর জন ফার্গুসন জানিয়েছেন, যে বিমানটিতে গ্রেগ সপরিবারে যাচ্ছিলেন সেটি একটি ব্যক্তিগত বিজনেস জেট। বিমানটির মালিকানায় গ্রেগ বিফলের পাশাপাশি বিবিসি এবং সিবিএস নামে দুটি সংস্থার অংশীদারিত্ব ছিল। ঠিক কী কারণে বিমানটিতে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড। বর্তমানে রানওয়ে থেকে বিমানের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলায় বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

গ্রেগ বিফলে আমেরিকার স্টক কার রেসিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। উল্লেখ্য, ন্যাসকার আমেরিকার অন্যতম বৃহত্তম রেসিং সংস্থা যা প্রতি বছর দেশটির ৪৮টি অঙ্গরাজ্যে দেড় হাজারেরও বেশি রেসিং কারের অনুমোদন দেয়। তবে কেবল রেসিং ট্র্যাকে নয়, গ্রেগ তাঁর মানবদরদী কাজের জন্যও মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। ২০২৪ সালে হ্যারিকেন হেলেনের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি নিজের হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়েছিলেন এবং ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে ক্রীড়ামহল ও অনুগামীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।