AI Misdiagnosis: নিজের উপসর্গের জন্য চ্যাটজিপিটি-কে ভরসা, শেষমেশ স্টেড ৪ ক্যান্সারে আক্রান্ত যুবক
চ্যাটজিপিটির তরফে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে এই উপসর্গগুলির সঙ্গে ক্যান্সারের তেমন মিল নেই।
Truth of Bengal: আইরল্যান্ডের ৩৭ বছরের ওয়ারেন টিয়ার্নি কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। খাওয়া-দাওয়ায় সমস্যা, শরীরের ক্রমশ দুর্বল হয়ে পড়া—এসব উপসর্গ দেখা দিচ্ছিল তাঁর। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার বদলে তিনি ভরসা করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক চ্যাটজিপিটির ওপর। নিজের উপসর্গগুলি জানিয়ে পরামর্শ চান তিনি। চ্যাটজিপিটির তরফে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে এই উপসর্গগুলির সঙ্গে ক্যান্সারের তেমন মিল নেই। ফলে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার তাগিদ অনুভব করেননি (AI Misdiagnosis)।
কিন্তু সময়ের সঙ্গে তাঁর অবস্থা আরও জটিল হয়ে ওঠে। শেষমেশ যখন জরুরি বিভাগে পৌঁছন, চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন—ওয়ারেন স্টেজ-৪ অ্যাডেনোকার্সিনোমা অফ ইসোফেগাসে (Adenocarcinoma of the Esophagus) আক্রান্ত। এটি খাদ্যনালী ও গলার সঙ্গে সম্পর্কিত এক ধরনের মারাত্মক ক্যান্সার। এই রোগে আক্রান্ত রোগীদের গড়ে মাত্র ৫ থেকে ১০ শতাংশ মানুষ পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকেন (AI Misdiagnosis)।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওয়ারেন বলেন, “চ্যাটজিপিটিতে ভরসা করাটাই আমার সবচেয়ে বড় ভুল। এআই এমনভাবে উত্তর দেয় যাতে ব্যবহারকারী আশ্বস্ত হন, আর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকেন। সেই কারণেই আমার প্রায় দুই মাস নষ্ট হয়েছে, এখন আমি ভয়ানক সমস্যায় পড়েছি।” ঘটনার পর চ্যাটজিপিটির তরফে জানানো হয়েছে—তাদের সফটওয়্যার মেডিক্যাল ডায়াগনোসিস বা চিকিৎসার জন্য তৈরি নয়। এটি কেবল তথ্য সরবরাহের একটি মাধ্যম, যা কখনওই পেশাদার চিকিৎসকের বিকল্প হতে পারে না (AI Misdiagnosis)।
বর্তমানে ওয়ারেন মানুষের কাছে আবেদন জানাচ্ছেন, স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যায় কখনওই এআই বা প্রযুক্তির ওপর ভরসা না করে সরাসরি চিকিৎসকের কাছে যেতে। তাঁর কথায়, “টেকনোলজি সহায়ক হতে পারে, কিন্তু যখন বিষয়টা জীবন-মৃত্যুর সঙ্গে জড়িত, তখন এআই-এ অন্ধ ভরসা বিপজ্জনক। স্বাস্থ্য সমস্যার জন্য সর্বদা ডাক্তারের কাছে যান, এআইকে ডাক্তার ভাববেন না (AI Misdiagnosis)।”






