রেললাইনে ডিটোনেটর ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা, ধৃত ১
Attempt to derail a train by throwing detonators on railway tracks, caught 1

Truth Of Bengal: এবার সামনে এল হরিদ্বারে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টার ঘটনা। বারবার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা প্রশ্ন তুলছে যাত্রীসুরক্ষা নিয়ে। জানা গেছে, হরিদ্বারের একটি রেললাইনের উপর কেউ বা কারা রাতের অন্ধকারে ডিটোনেটর ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের তা চোখে পড়তেই রেলপুলিশকে খবর দেওয়া হয়। খবর কানে পৌঁছতেই তড়িঘড়ি রেলপুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধার করা হয় ডিটোনেটর।
রেললাইন থেকে বিপদ এড়াতে ডিটোনেটর সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রেলপুলিশের পাশাপাশি হরিদ্বার পুলিশও তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। কি কারণে রেললাইনের উপরে ডিটোনেটর ফেলে রাখা হয়েছিল সেই সম্পর্কে সঠিক তথ্য কিছু জানা যায়নি।
এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও তদন্তকারী অফিসাররা জানিয়েছেন। কয়েক মাস ধরে যেভাবে একের পর এক দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে চলেছে তাতে যাত্রীদের নিরাপত্তার ব্যাপারটি নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশেও ট্রেন লাইনচ্যুত করানোর চেস্টার কথা সামনে এসেছিল। রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার, কখনও সিমেন্টের ব্লক, কখনও লোহার পাত, কখনও মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টার ঘটনার পরে এবার হরিদ্বারে রেললাইনের উপর ডিটোনেটর ফেলে রাখার ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে যাত্রীসুরক্ষার বিষয়টি।






